এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাম জীতু কমল। ছোট পর্দা থেকে বড় পর্দা দুই জায়গাতেই তাঁর আলাদা দর্শকপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ আর্য স্যার চরিত্রে অভিনয়ের পর তাঁর ভক্তসংখ্যা আরও বেড়েছে। জীতু নিজেই জানিয়েছেন, প্রায়ই ভক্তদের কাছ থেকে নানা উপহার পান তিনি। এর মধ্যে কিছু তিনি নিজের কাছে রেখে দেন, আবার কিছু এমন মানুষের হাতে তুলে দেন যাদের সত্যিই প্রয়োজন রয়েছে।
সম্প্রতি ভক্তের পাঠানো একটি বিশেষ উপহারের কথা তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ছবি পোস্ট করেন জীতু। সেখানে দেখা যায়, গোপাল ঠাকুরের একটি ছোট মূর্তি, তার পোশাক ও সাজের বিভিন্ন জিনিসপত্র এবং একটি ছোট সিংহাসন রাখা রয়েছে। উপহারের সঙ্গে একটি চকোলেটও ছিল। এই উপহার পেয়ে তিনি ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে এই উপহার নিজের কাছে রাখার বিষয়ে একটি সমস্যার কথাও জানান অভিনেতা। জীতু লিখেছেন, গোপাল ঠাকুরকে নিয়ম করে প্রতিদিন তিনবার পুজো করতে হয়। কিন্তু তাঁর ব্যস্ত কাজের সময়সূচির কারণে নিয়ম মেনে সেই পুজো করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যিনি নিয়ম করে প্রতিদিন গোপালের পুজো করতে পারবেন, তাঁর হাতেই এই উপহার তুলে দেবেন।
যদিও ব্যক্তিগতভাবে জীতু কমল যথেষ্ট ধর্মপ্রাণ বলেই পরিচিত। তিনি ভগবান শিবের ভক্ত এবং প্রায়ই সমাজমাধ্যমে শিবকে নিয়ে নানা পোস্ট বা স্টোরি শেয়ার করতে দেখা যায় তাঁকে। কাজের ফাঁকেও বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেখা গেছে অভিনেতাকে। ফলে তাঁর এই আধ্যাত্মিক দিকটিও ভক্তদের কাছে বেশ পরিচিত।
আরও পড়ুনঃ “ও যা লম্বা, এই হাইটে পুলিশ হবে?” “উজি পুলিশ হলে আমাকে যে হাইটের জন্য বাদ দেওয়া হয়েছিল, আমি কেস করব!” নতুন ট্র্যাকে ‘জোয়ার ভাঁটা’, উজির পুলিশ হওয়ার সিদ্ধান্তে গল্পের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে নেটপাড়া!
এদিকে বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ অভিনয় করছেন জীতু কমল। দীর্ঘদিন পর টেলিভিশনে তাঁর প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে চোর নামের একটি সাসপেন্স থ্রিলার ছবিতে। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে আরও অভিনয় করছেন রাজেশ শর্মা, শঙ্কর চক্রবর্তী, অঞ্জনা বসু, মানসী সিনহা ও দেবলীনা কুমার। সব ঠিক থাকলে আগামী মে মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।
