জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন রিয়্যালিটি শো নিয়ে চমক জি বাংলার! খুদে প্রতিভাদের মঞ্চ ‘ড্রামাবাজ’, প্রথম প্রোমোতেই বাজিমাত! কী বলছেন দর্শকরা?

জি বাংলায় একের পর এক নতুন অনুষ্ঠানের ঘোষণা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি শুরু হয়েছে ‘সাতপাকে বাঁধা’, যা নিয়ে দর্শকদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি খুব শিগগিরই আসতে চলেছে ‘কমলা নিবাস’ নামের নতুন মেগা সিরিয়াল। এই ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারকে। এছাড়াও বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। নতুন নতুন কনটেন্ট দিয়ে দর্শকদের ধরে রাখতে চ্যানেল যে বিশেষভাবে চেষ্টা করছে, তা স্পষ্ট। আর তার মধ্যেই এল আরও একটি চমক।

তবে এবার কোনও ধারাবাহিক নয়, বরং একটি নতুন রিয়্যালিটি শো নিয়ে হাজির হচ্ছে চ্যানেল। আগে থেকেই ‘ডান্স বাংলা ডান্স’, ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’, ‘মীরাক্কেল’, ‘হ্যাপি প্যারেন্টস ডে’ এর মতো জনপ্রিয় শো দর্শকদের উপহার দিয়েছে জি বাংলা। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে ‘ড্রামাবাজ’। ইতিমধ্যেই এই শোয়ের প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে এবং তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নতুন এই শো কী ধরনের হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে এতে ছোটদের অংশগ্রহণ থাকবে বলে ইঙ্গিত মিলেছে।

প্রোমোতে দেখা যায়, একটি থানার সামনে পুলিশের গাড়ি ঢুকতেই চারিদিকে হুলস্থূল পড়ে যায়। সবাই বলতে থাকে ‘স্যার আসছে’। তারপরই দেখা যায় এক ছোট্ট পুলিশ অফিসারকে, যার গলায় ঝোলানো জলভর্তি বোতল। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, বয়স কম হলেও গল্পে জমিয়ে দেবে। এই ছোট্ট চরিত্রের উপস্থিতিই প্রোমোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চ্যানেল জানায়, বাড়ির খুদে প্রতিভাদের এক মিনিটের ভিডিও পাঠাতে হবে তাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। অর্থাৎ, নতুন প্রতিভাদের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে।

এই প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, এতদিন পর আবার হাসির কিছু পাওয়া যাবে বলে আশা করছেন। আবার কেউ বলেছেন, এটি দক্ষিণের জনপ্রিয় ‘ড্রামা জুনিয়ার্স’-এর বাংলা সংস্করণ হতে পারে। অনেকেই নতুন এই উদ্যোগ নিয়ে বেশ উত্তেজিত এবং আগ্রহী। কিছু দর্শক আবার মজার মন্তব্য করে জানিয়েছেন, অনেকদিন পর চ্যানেল নতুন কিছু চেষ্টা করছে, যা সত্যিই ভালো লাগছে। সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি চোখে পড়েছে।

এদিকে, দর্শকদের একাংশের মতে, সাম্প্রতিক পরিবর্তনের জন্যই এই নতুন শো আসছে। কেউ কেউ মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্য চ্যানেলে যাওয়ার কারণে এবার নতুন কিছু ভাবতে হয়েছে। আগে ‘সারেগামাপা’ শেষ হলে সাধারণত ‘দাদাগিরি’ বা ‘ডান্স বাংলা ডান্স’ ফিরত। কিন্তু এবার সেই চেনা ধারার বাইরে গিয়ে নতুন রিয়্যালিটি শো আনা হচ্ছে। এই পরিবর্তনে অনেক দর্শক খুশি হয়েছেন। এখন দেখার বিষয়, ‘ড্রামাবাজ’ কতটা দর্শকদের মন জয় করতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page