জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

১০ বছর পরও অমীমাংসিত প্রত্যুষা মৃ’ত্যু রহস্য! অবশেষে কি রায় দিল আদালত?

দশ বছর পেরিয়ে গেলেও রহস্যের জট খুলল না জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠা এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু আজও প্রশ্নের মুখে। তাঁর অনুরাগী থেকে পরিবার, সকলের মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আদৌ কী হয়েছিল সেই দিন, আর সত্যিই কি ন্যায় বিচার পাওয়া সম্ভব হয়েছে এত বছর পর।

২০১৬ সালের পয়লা এপ্রিল মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় প্রত্যুষার ঝুলন্ত দেহ। ঘটনাটি মুহূর্তে নাড়িয়ে দিয়েছিল গোটা বিনোদন জগতকে। পুলিশ প্রথমে এটিকে আত্মহত্যা বলেই ধরে নেয়। খবর অনুযায়ী, তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেই সময় তদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার দিকেই ইঙ্গিত করা হয়েছিল।

তবে এই ঘটনার মোড় ঘুরে যায় অভিনেত্রীর পরিবারের অভিযোগে। প্রত্যুষার বাবা মা স্পষ্ট জানিয়ে দেন, এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত খুন। তাঁদের দাবি ছিল, রাহুল রাজ সিংহই তাঁদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী। যদিও রাহুল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। ফলে মামলাটি নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে পড়ে।

রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক নির্যাতন, হুমকি এবং শারীরিক আঘাতের অভিযোগও রয়েছে। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে আসে যে প্রত্যুষা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। যদিও এই পর্যবেক্ষণ চূড়ান্ত রায় নয়, তবুও এটি মামলার গতিপথকে প্রভাবিত করেছে এবং এখনও আদালতে দুই পক্ষের লড়াই অব্যাহত রয়েছে।

প্রত্যুষা শুধু ‘বালিকা বধূ’তেই নয়, আরও বহু জনপ্রিয় ধারাবাহিক এবং রিয়েলিটি শোতে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। ‘অধুরি কহানি হামারি’, ‘রক্ত সম্বন্ধ’ এবং ‘বিগ বস ৭’-এ তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। আজও তাঁর মৃত্যু রহস্যের সমাধান না হওয়ায় এক ধরনের অপূর্ণতা থেকে গেছে। সময় এগোলেও এই প্রশ্নের উত্তর এখনও অধরা রয়ে গেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page