ভোটের উত্তাপ ক্রমশ চড়ছে বাংলার রাজনীতিতে। আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরই প্রকাশ্যে আসবে বহু প্রতীক্ষিত ফলাফল। তার আগেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা। এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি এমন একটি মন্তব্য করে ফেললেন, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
দীর্ঘদিন ধরেই নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সরব মানসী। এবারের নির্বাচনে তিনি প্রকাশ্যেই বামেদের হয়ে প্রচার করেছেন। তাই ফলপ্রকাশের আগে তাঁর মন্তব্যে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হওয়াই স্বাভাবিক। প্রশ্ন করা হয়েছিল কে জিতবে এই লড়াইয়ে, উত্তরে আবেগের বশেই তিনি বলে ফেলেন লাল জিতবে।
এই মন্তব্য করার পরই আচমকা নিজের জিভ কাটতে দেখা যায় তাঁকে। যেন বুঝতে পেরেছিলেন, তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে তৈরি হতে পারে বিতর্ক। কারণ গত দেড় দশকে বাংলার রাজনীতিতে বামেদের অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে, বারবার উঠেছে অস্তিত্ব সংকটের প্রশ্নও।
তবে মানসীর বক্তব্য স্পষ্ট। তিনি মনে করেন, Communist Party of India Marxist হয়তো সরকার গড়তে পারবে না, কিন্তু এবারে তারা আগের তুলনায় ভালো ফল করবে। তাঁর মতে, এই নির্বাচনই হতে পারে বামেদের ঘুরে দাঁড়ানোর সূচনা, যা ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন : ‘যত দিন আছি, নিজের মতো থাকব! নীল বড় হয়ে আমাকে দেখবে, এটা আমি জীবনে কোনও দিন ভাবতে পারিনি, ভাবিও না’- অকপট অঞ্জন দত্ত
বর্তমানে গোটা দেশের নজর বাংলার দিকে। পরিবর্তন না প্রত্যাবর্তন, এই দ্বন্দ্বেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে মানসীর এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। এখন দেখার, তাঁর এই ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা মেলে নির্বাচনের ফলাফলের সঙ্গে।
