খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’। শুরু থেকেই দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তের অভিনয় এবং গল্পের ভিন্ন স্বাদ দর্শকদের আকৃষ্ট করেছে। অন্যদিকে তরুণ প্রজন্মের চরিত্রগুলোকেও ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ। আপাতত গল্পে বড় ধাক্কা এসেছে পল্লবীর জীবনে। বিয়ের মণ্ডপ পর্যন্ত গিয়েও ভেঙে গিয়েছে তার সম্পর্ক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সাগর’-এর। এরপর থেকেই ধারাবাহিকের গল্পে এসেছে একের পর এক নতুন মোড়। জানা গিয়েছে, পর্দার ‘পল্লবী’ দেবাদৃতা বসুর বিপরীতে ইতিমধ্যেই নতুন নায়ক হিসেবে দেখা যাচ্ছে ঋদ্ধিষ চৌধুরীকে। সেই মতোই গল্প এগোতে শুরু করেছে। তবে এবার আরও এক নতুন চমক আনল ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমো।
বুধবার প্রকাশ্যে আসে ‘কমলা নিবাস’-এর নতুন প্রোমো। আর সেই প্রোমোতেই সামনে আসে নতুন এক জুটির গল্প। এবার শুধু পল্লবী নয়, প্রেমের ছোঁয়া লাগতে চলেছে ‘ঝিনুক’-এর জীবনেও। প্রোমোয় দেখা যায়, সংহতি বন্দ্যোপাধ্যায়ের অভিনীত ‘ঝিনুক’ প্রেম নিয়ে নিজের মনের কথা বলছে। তাকে বলতে শোনা যায়, “আমি যে কবে থেকে এরকম একটা প্রেম করার জন্য অপেক্ষা করছি। যে আসবে সে ফিল্মি ঠিকই, কিন্তু খুবই রোম্যান্টিক।” এই সংলাপের মধ্যেই দেখানো হয় নতুন নায়কের একাধিক ঝলক। তারপর অবশেষে প্রকাশ্যে আসে সেই চরিত্রের মুখ। জানা যায়, এই ধারাবাহিকে সংহতির বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে এই নতুন জুটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে তাঁদের আগের ধারাবাহিকের সম্পর্ক নিয়ে। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন সংহতি বন্দ্যোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি সরকার। সেখানে ‘রূপা’র চরিত্রে অভিনয় করতেন সংহতি। অন্যদিকে ধ্রুবজ্যোতিকে দেখা গিয়েছিল তিয়াশা লেপচার বিপরীতে ‘রূপা’র জামাইয়ের ভূমিকায়। অর্থাৎ সেই ধারাবাহিকে তাঁদের সম্পর্ক ছিল শাশুড়ি ও জামাইয়ের। আর এবার সেই দুই অভিনেতাকেই দেখা যাবে রোম্যান্টিক জুটির ভূমিকায়। এই বিষয়টি সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা মজার প্রতিক্রিয়া। নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর একজন লেখেন, “বাব রে… শাশুড়ি থেকে একবারে সোজা বউ এক মাএ সিরিয়ালেই সম্ভব।” আবার আর একজনের মন্তব্য, “ওরে বাবা রে শাশুড়ি থেকে একবারে সোজা বউ, অনুরাগের ছোঁয়া + কমলা নিবাস।”
শুধু তাই নয়, আরও এক নেটিজেন লিখেছেন, “শাশুড়ি হয়ে গেল নায়িকা।” এই মন্তব্যগুলি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ মজা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে, বাংলা ধারাবাহিকে সম্পর্কের এই বদল সত্যিই চমকপ্রদ। তবে অনেকে আবার নতুন এই জুটিকে পর্দায় দেখতে আগ্রহও প্রকাশ করেছেন। এরই মধ্যে ধারাবাহিকের পুরনো গল্প নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ এই মেগার মাধ্যমেই বহু বছর পর ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকে দেখা গিয়েছিল ‘পল্লবী’র বিপরীতে ‘সাগর’ চরিত্রে। যদিও শুরু থেকেই জানা গিয়েছিল, এটি একটি ক্যামিও চরিত্র। ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ‘সাগর’-এর। আর সেই সঙ্গেই শেষ হয়ে যায় পরমব্রতর চরিত্রের সফর।
আরও পড়ুনঃ অবশেষে মায়ের মুখেই ফাঁস সব সত্যি! নিজের পিতৃপরিচয় জানল পারুল, জন্ম রহস্যের অন্ধকার কাটল! এবার কি বাবার স্নেহে জায়গা হবে? ‘পরিণীতা’য় টানটান পর্ব!
এরপর থেকেই গল্পে নতুন অধ্যায় শুরু হয় ‘পল্লবী’কে ঘিরে। তাঁর জীবনে নতুন নায়ক হিসেবে আসে ঋদ্ধিষ চৌধুরীর চরিত্র। সেই পরিবর্তনের মাঝেই এবার ‘ঝিনুক’-এর প্রেমের গল্পও জায়গা করে নিতে চলেছে ধারাবাহিকে। ধ্রুবজ্যোতি সরকার ও সংহতি বন্দ্যোপাধ্যায়ের জুটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার। নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই ধারাবাহিকটি নিয়ে চর্চা আরও বেড়েছে। একদিকে সম্পর্কের নতুন সমীকরণ, অন্যদিকে আগের জনপ্রিয় ধারাবাহিকের স্মৃতি, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী পর্বগুলিতে এই নতুন গল্প কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এখন অপেক্ষা করছেন দর্শকরা। ধারাবাহিকের নির্মাতারাও এই নতুন ট্র্যাকের মাধ্যমে দর্শকদের আরও বেশি আকৃষ্ট করার চেষ্টা করছেন।
