মাতৃদিবস মানেই মায়েদের প্রতি ভালবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ দিন। আর এই আবেগঘন দিনেই নিজের মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা পোস্ট করে অনুরাগীদের মন ছুঁয়ে গেলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে কোলে নিয়ে একগুচ্ছ আদুরে ছবি এবং সন্তান জন্মের সময়ের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি তুলে ধরলেন একজন নতুন মায়ের মানসিক লড়াই, আনন্দ, ক্লান্তি আর প্রতিদিন একটু একটু করে মা হয়ে ওঠার গল্প। তাঁর এই অকপট স্বীকারোক্তি ঘিরেই এখন আবেগে ভাসছেন অনুরাগীরা।
আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ৩ মার্চ অভিনেতা সুদীপ সরকার এবং অনিন্দিতা রায়চৌধুরীর জীবনে আসে এক নতুন অধ্যায়। কলকাতার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অনিন্দিতা। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। মেয়ের জন্মের পর থেকেই তাঁদের জীবনে এসেছে এক অন্যরকম পরিবর্তন। নতুন অতিথিকে ঘিরে এখন দিন কাটছে ব্যস্ততা, আনন্দ আর ভালবাসায়। অনিন্দিতার পোস্টেও বারবার উঠে এসেছে, কীভাবে মা হওয়ার পর প্রতিটা দিন নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে তাঁর জীবনে।
মাতৃদিবসে করা দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন, মা হওয়ার পর থেকেই তাঁর মনের মধ্যে নানারকম দ্বন্দ্ব আর দুশ্চিন্তা কাজ করে। তিনি অকপটে স্বীকার করেছেন, মা হওয়ার কোনও লিখিত বা অলিখিত নিয়ম তিনি জানতেন না। প্রতিদিনই তাঁর মনে প্রশ্ন জাগে “পারছি তো? পারব তো?” সেই উদ্বেগ নিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি। কখনও ক্লান্ত লাগে, কখনও মনে হয় পুরনো দিনের মতো বন্ধুদের সঙ্গে আবার প্রাণ খুলে সময় কাটান। তবে সেই সব অনুভূতির মাঝেও তিনি বুঝতে শিখছেন মাতৃত্বের নতুন মানে। তাঁর কথায়, “মা হচ্ছি প্রতিদিন, প্রতিমুহূর্তে।” এই এক লাইনের মধ্যেই যেন ধরা পড়েছে এক নতুন মায়ের বাস্তব অনুভূতি।
শুধু আবেগ নয়, পোস্টে ছিল মজার ছোঁয়াও। মেয়েকে নিয়ে তাঁর নতুন সম্পর্কের কথাও জানিয়েছেন অনিন্দিতা। তিনি লিখেছেন, তাঁর মেয়ে ধীরে ধীরে তাঁর গসিপ পার্টনার হয়ে উঠছে। মজার ছলে স্বামী সুদীপ সরকারকে নিয়েও খুনসুটি করেন অভিনেত্রী। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিগুলিতে কখনও মেয়েকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে, আবার কোথাও সন্তান জন্মের সময় অপারেশন থিয়েটারে ঢোকার আগের মুহূর্তের একটি ছোট্ট ভিডিও ক্লিপও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে ধরা পড়েছে উদ্বেগ, উত্তেজনা আর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখার অনুভূতি। অনুরাগীদের অনেকেই জানিয়েছেন, এই পোস্ট তাঁদের চোখে জল এনে দিয়েছে কারণ এখানে কোনও তারকাসুলভ আড়ম্বর নেই, বরং রয়েছে এক সাধারণ মায়ের একেবারে সত্যি অনুভূতি।
আরও পড়ুনঃ এবার আদালতে উঠবে জোড়া মামলা? বিজেপি জিততেই বনগাঁ কাণ্ড নিয়ে ফের চাপে মিমি চক্রবর্তী! কী বললেন তনয় শাস্ত্রীর আইনজীবী, তরুনজ্যোতি তিওয়ারি?
পোস্টের শেষে পৃথিবীর সব মায়েদের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি অনিন্দিতা। তিনি লিখেছেন, সব মা যেন সুস্থ থাকেন, সম্মান পান এবং মাথা উঁচু করে বাঁচতে পারেন। তাঁর এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনুরাগীরা যেমন অভিনেত্রীকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেক নতুন মা-ও তাঁর কথার সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে পেয়েছেন। মাতৃত্বকে নিখুঁত নয়, বরং বাস্তব এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার জন্যই অনিন্দিতার এই পোস্ট আলাদা করে নজর কাড়ছে।
