লোকগানের সুরে দর্শক ও বিচারকদের মন জয় করেছিলেন ত্রিপুরার আগরতলার মেয়ে অনন্যা সরকার। সারেগামাপা’র চলতি সিজনে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসা পেয়েছিল। শো শেষ হওয়ার আগেই ব্যক্তিগত জীবনে এল বড় সুখবর। সম্প্রতি আংটি বদল এবং আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখলেন অনন্যা। তাঁর জীবনসঙ্গী হয়েছেন অভয় মিত্র।
অনন্যার এই বিশেষ দিনে পাশে ছিলেন সারেগামাপা পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতশ্রী চৌধুরী এবং রিয়া দত্ত। সংগীতের মঞ্চ থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। ঘরোয়া পরিবেশে হওয়া এই অনুষ্ঠানে পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিই নজর কেড়েছে।
পেশাগতভাবে অনন্যা ও অভয়ের জগৎ একেবারেই আলাদা। অনন্যা যেখানে গান নিয়ে ব্যস্ত, সেখানে অভয় কাজ করেন শেয়ার বাজার নিয়ে। পেশায় তিনি একজন ট্রেডার। তবে আলাদা কাজের ক্ষেত্র হলেও ব্যক্তিগত জীবনে দুজনের বোঝাপড়া যে দারুণ, তা তাঁদের বিয়ের মুহূর্তের ছবিতেই স্পষ্ট। ১৪ মে ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের আইনি বিয়ে।
বিয়ের দিন অনন্যাকে দেখা যায় সাবেকি সাজে। ঘিয়ে রঙের লাল পাড় শাড়িতে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছিল। অন্যদিকে লাল পাঞ্জাবিতে নজর কেড়েছেন অভয়ও। সরল কিন্তু সুন্দর আয়োজনেই নতুন জীবনের শুরু করেছেন এই জুটি। অনুষ্ঠানটি ছিল ছোট পরিসরে হলেও আনন্দ ও আবেগে ভরপুর।
আরও পড়ুনঃ “‘চোখের বালি’ সুপারহিট, দেশজুড়ে প্রশংসাও পেয়েছিলাম, সবাই কাজ পেয়েছিল, আমি ছ’মাস কাজ পাইনি” ছাড়তে বাধ্য করা হয়েছিল ধারাবাহিক! ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবতা নিয়ে বি’স্ফো’রক টোটা রায়চৌধুরী!
আগরতলার মেয়ে অনন্যা এখন কাজের সূত্রে কলকাতাতেই বেশি সময় কাটান। বিয়ের পরেও গান এবং সংসার দুটোই সমানভাবে সামলাতে চান তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে। সকলের আশা, গানের মতোই তাঁদের দাম্পত্য জীবনও সুখ ও ভালোবাসায় ভরে উঠুক।
