জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিন হোক বা রাত, মহিলারা যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন সেই পরিবেশ তৈরি করাই বিজেপি সরকারের লক্ষ্য! অগ্নিমিত্রার মন্তব্যে স্বস্তি পেলেন তৃণমূল ঘনিষ্ঠ ইমন!

রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। এবার মেয়েদের নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন নারী ও শিশুবিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, দিন হোক বা রাত, মহিলারা যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন সেই পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য। অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত এফআইআর নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গেই সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মতামত জানান গায়িকা ইমন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই তাঁকে তৃণমূল ঘনিষ্ঠ বলে মনে করা হতো। তাই তাঁর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অগ্নিমিত্রার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ইমন বলেন, তিনি কখনও ভয় নিয়ে রাস্তায় বের হননি, তবে দায়িত্বশীল কারও মুখে এমন আশ্বাসের কথা শুনলে স্বাভাবিকভাবেই ভালো লাগে।

গায়িকার কথায়, সরকারের উচ্চপদে থাকা কেউ যখন প্রকাশ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেন, তখন সেটা মানুষের মনে আলাদা ভরসা তৈরি করে। তিনি আরও জানান, এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলে। ইমনের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া।

নেটমাধ্যমে অনেকেই ইমনের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ কটাক্ষও করেছেন। একাধিক পেজে তাঁর ভিডিও ছড়িয়ে পড়তেই নানা ধরনের মন্তব্য দেখা যায়। কেউ লিখেছেন, সরকার বদলের পর সুরও বদলে গেছে। আবার কারও দাবি, তিনি দুই দিকেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। রবীন্দ্রজয়ন্তীতে তাঁর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

অন্যদিকে, অগ্নিমিত্রা পাল জানিয়েছেন খুব দ্রুত রাজ্যে চালু হতে চলেছে ১৮১ উইমেন হেল্পলাইন। এই পরিষেবায় জিও ট্যাগিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে বিপদের সময়ে ফোন করলে কাছের থানায় সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে। মন্ত্রীর বক্তব্য, রাতে বাইরে বেরোনো নিয়ে মহিলাদের প্রশ্নের মুখে পড়তে হবে না, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।

Piya Chanda

                 

You cannot copy content of this page