জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপির জন্য বাংলা সিরিয়ালে আর দেখানো যাবে না ‘পরকীয়া’! “বাচ্চাকে জোর করে খাওয়ানো যায়, তাই বলে অপুষ্টিকর খাবার দেব?” পরিবর্তনের বাংলায়, টেলিভিশন নিয়ে বড় ঘোষণা পাপিয়া অধিকারীর!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টালিগঞ্জের নতুন বিধায়ক পাপিয়া অধিকারীকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন জগতে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘ ২০ বছর পর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত টালিগঞ্জ কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। অরূপ বিশ্বাসকে হারিয়ে জেতার পর থেকেই একাধিক মন্তব্যের মাধ্যমে শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা এই মুখ। এবার বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু নিয়েই সরাসরি মুখ খুললেন তিনি। পাপিয়ার মতে, বাংলা সিরিয়ালে বারবার পরকীয়ার গল্প দেখানো বন্ধ হওয়া প্রয়োজন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “দর্শকদের জন্য, আপনাদের ভালোলাগার জন্য কাজ করতে চাই।” তাঁর এই মন্তব্য ঘিরেই ইতিমধ্যেই টলিপাড়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে।

বাংলা ধারাবাহিক নিয়ে দর্শকদের ক্ষোভের কথাও তুলে ধরেছেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, “আপনারা এর আগে খুব বিরক্ত হয়েছেন। বারবার করে বলেছেন, এসব পরকীয়া আমরা আর দেখতে চাই না। কারণ এতে সংসারের ভারসাম্য নষ্ট হয়, এটা আপনারাই বলেছিলেন।” তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই দর্শকদের একাংশ এই ধরনের গল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ধারাবাহিক নির্মাতাদের কাছেও তিনি এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বলে জানান। পাপিয়ার কথায়, “যারা এসব বানায়, আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন এগুলো লেখ তোমরা, জবাব আসত, ‘দর্শকরা এটা খাবে’!” এই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরে।

নিজের বক্তব্য বোঝাতে একটি উদাহরণও দেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, “খাওয়ানোটা বড় কথা নয়, সে তো একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়। কিন্তু বাচ্চাকে যদি আমরা সুষম খাবার না দেই, তাহলে অপুষ্টি হয়।” এখানেই থেমে না থেকে ভবিষ্যতের বিনোদন কেমন হওয়া উচিত, সেই দিকেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাপিয়া বলেন, “তেমনই ঠিকঠাক সুষম বিনোদন যেখানে আছে, সেই সমস্ত কনটেন্ট আমরা বানাব। মাথার নিউট্রিশন, চোখের নিউট্রিশন, মনের নিউট্রিশন।” তাঁর এই মন্তব্যে দর্শকদের একাংশ ইতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন। অনেকে মনে করছেন, বাংলা ধারাবাহিকের গল্পে সত্যিই নতুন ধরনের পরিবর্তন আসতে পারে।

অভিনয়ের জগতে পাপিয়া অধিকারীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৫ সালে রতিশ দে সরকার পরিচালিত ‘সোনার সংসার’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ধীরে ধীরে বাংলা সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ‘মাদার ইন্ডিয়া’, ‘আমার মায়ের শপথ’ এবং ‘শঙ্কা’র মতো একাধিক সিনেমা। শুধু বড় পর্দাই নয়, ছোটপর্দার বিভিন্ন ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাপিয়া। যদিও একটা দীর্ঘ সময় তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন। তবে রাজনৈতিক ময়দানে সাফল্যের পর ফের নতুনভাবে আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি টলিউড নিয়েও যে তিনি সক্রিয়ভাবে ভাবছেন, সেই ইঙ্গিত মিলেছে তাঁর সাম্প্রতিক মন্তব্যে।

সরকার পরিবর্তনের পর টলিপাড়াতেও বড়সড় বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিজেপির চার বিধায়ক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে। টলিউডের দীর্ঘদিনের অস্থিরতা ও বিভিন্ন সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও শুরু করেছেন পাপিয়া অধিকারী। জানা গিয়েছে, বুধবার তিনি টলিউডের টেকনিশিয়ানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সেখানে কাজের পরিবেশ, ধারাবাহিকের বিষয়বস্তু এবং শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। এখন দেখার, বাস্তবে বাংলা ধারাবাহিকের গল্পে সত্যিই কোনও বদল আসে কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page