জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রথমবার মুখ্য চরিত্রে দেবপ্রিয়া বসু, বিপরীতে নায়ক কে? ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা! অসমবয়সি প্রেমের নতুন ধারাবাহিক ‘দুলারি’ ঘিরে বাড়ছে জল্পনা!

ছোটপর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘দুলারি’ (Dulari)। ইতিমধ্যেই এই মেগাকে ঘিরে টেলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের এই নতুন ধারাবাহিকের গল্প আবর্তিত হবে পুরুলিয়ার এক মেয়েকে ঘিরে। ছোট শহর থেকে বড় স্বপ্ন নিয়ে কলকাতায় আসবে সে। নিজের পরিচয় তৈরি করার লড়াই নিয়েই এগোবে কাহিনি। অন্দরের খবর, ধারাবাহিকে অসমবয়সি প্রেমের একটি বিশেষ দিকও দেখানো হবে। ফলে শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই প্রজেক্টকে ঘিরে। নতুন গল্প এবং নতুন জুটির কারণেই ‘দুলারি’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমক অভিনেত্রী দেবপ্রিয়া বসু (Debapriya Basu)। এতদিন তাঁকে বিভিন্ন ধারাবাহিকে শিশুশিল্পীর চরিত্রে দেখা গেলেও এবার প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। নিজের নতুন সফর নিয়ে অভিনেত্রীও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছিলেন, “অবশ্যই। বিশেষ করে স্বর্ণদার মতো পরিচালকের ধারাবাহিকে হাতেখড়ি। চাপটাও বেড়ে গেল। এক দিকে, দুলারির মতো স্বপ্নপূরণের ইচ্ছা। অন্য দিকে, নিজেকে প্রমাণ করা।” নতুন চরিত্রে নিজেকে তুলে ধরতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন দেবপ্রিয়া। দর্শকদের কাছেও এটি হতে চলেছে তাঁর একেবারে নতুন পরিচয়।

এদিকে ধারাবাহিকে দেবপ্রিয়ার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই মেগায় নায়কের ভূমিকায় থাকতে পারেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee)। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রথম সিজ়নের পর নাকি তিনি বড়পর্দার কাজেই বেশি মন দিতে চেয়েছিলেন। ফলে ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তনের খবরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বলেন, “আমি কিছু জানি না। আর ক’টা দিন অপেক্ষা করলেই তো সব জানা যাবে।”

তাঁর এই মন্তব্য ঘিরেই রহস্য আরও বেড়েছে। শুধু দেবপ্রিয়া বা সম্ভাব্য নায়কই নন, ধারাবাহিকের অন্যান্য চরিত্র নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই মেগায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন পায়েল দেব, রাজন্যা মিত্র এবং মৌসুমী সাহার মতো অভিনেত্রীরা। পাশাপাশি, নীল ভট্টাচার্যের দাদার চরিত্রে নাকি দেখা যেতে পারে ‘মীরাক্কেল’ খ্যাত ভিকিকে। যদিও চ্যানেল বা নির্মাতাদের তরফে এখনও পুরো কাস্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তা সত্ত্বেও ধারাবাহিকটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। বিশেষ করে নতুন জুটি এবং গল্পের ধরণ নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে টেলিপাড়ায়।

বর্তমানে ছোটপর্দায় নতুন গল্প এবং ভিন্ন ধরনের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সেই জায়গা থেকেই ‘দুলারি’কে ঘিরেও আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে। পুরুলিয়ার এক মেয়ের স্বপ্নপূরণের লড়াই, কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে ধারাবাহিকটি অন্য স্বাদের হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই। তার উপর দেবপ্রিয়ার প্রথম মুখ্য চরিত্র এবং নায়ক হিসেবে নীলের সম্ভাব্য প্রত্যাবর্তন এই মেগাকে আরও চর্চায় এনে দিয়েছে। এখন দর্শকদের অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার।

Piya Chanda

                 

You cannot copy content of this page