সবে মাত্র চার হাত এক হয়েছে শান্তি ও জয়ন্তর। কিন্তু বিয়ের সুখের মাঝেই এবার যেন ধীরে ধীরে বাড়ছে দূরত্বের ইঙ্গিত। ধারাবাহিকের নতুন পর্বে এমন কিছু ঘটনাই দেখানো হয়েছে, যা দেখে চিন্তায় পড়েছেন দর্শকরা। গল্পে নতুন এক মহিলা চরিত্রের আগমন হয়েছে, যিনি জয়ন্তর হাসপাতালের নার্স। এই চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য। ঘটনাচক্রে শান্তি যখন ফোন করে জয়ন্তর খোঁজ নিতে যায়, তখন সেই ফোন ধরেন ওই নার্সই। তিনি জানান, জয়ন্ত এখন কাজে ব্যস্ত। সেই মুহূর্ত থেকেই শান্তির মনে অস্বস্তি শুরু হয়। সম্পর্কের মধ্যে কি তবে নতুন ভুল বোঝাবুঝির শুরু হতে চলেছে, সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মনে।
এরপর বাড়ি ফিরে আসে জয়ন্ত। কিন্তু তখনই আরও বড় ধাক্কা খায় শান্তি। জয়ন্তর জামাকাপড়ে সে টের পায় এক অচেনা মেয়েদের পারফিউমের গন্ধ। বিষয়টি নিয়ে শান্তি নিজের মনেই নানা প্রশ্ন তুলতে শুরু করে। কারণ এমন সুগন্ধি সে নিজে ব্যবহার করে না, আর জয়ন্তও এমন নয় যে নিজে থেকে মেয়েদের পারফিউম ব্যবহার করবে। ফলে সন্দেহ আরও গভীর হতে থাকে তার মনে। নতুন ওই নার্সকে ঘিরেই কি তবে জয়ন্তর জীবনে অন্য কোনও সম্পর্কের আভাস মিলছে? নাকি সবটাই শুধুই ভুল বোঝাবুঝি? এই রহস্য নিয়েই এখন এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আগামী পর্বে কী হতে চলেছে, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।
অন্যদিকে কিছুদিন আগেই ধারাবাহিকে আরও এক বড় চমক দেখানো হয়েছিল। নন্দ ও লাবণ্য হঠাৎ বিয়ে করে বাড়িতে ফিরতেই বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। তাদের দেখে বংশী মজা করে জানতে চায়, তারা কি কোনও সাজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে? তখন শান্তি জানায়, নন্দ ও লাবণ্য একে অপরকে ভালবাসত বলেই বিয়ে করেছে। এই কথা শুনেই রেগে আগুন হয়ে ওঠে বংশী। কারণ তাদের পরিবারের বহু পুরনো নিয়ম অনুযায়ী প্রেম করে বিয়ে করা একেবারেই মেনে নেওয়া হয় না। ফলে বাড়ির পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। সেই দৃশ্যও দর্শকদের মধ্যে বেশ চর্চা তৈরি করেছিল।
তবে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন বংশীর ভাগ্নে সামনে আনে আরও বড় সত্যি। সে জানায়, শুধু নন্দ ও লাবণ্য নয়, শান্তি ও জয়ন্তও প্রেম করেই বিয়ে করেছে। এতদিন পরিবারের চোখে ধুলো দিয়ে সেই সম্পর্ক লুকিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ তোলে সে। এই কথা শুনে নিজের রাগ আর সামলাতে পারেনি বংশী। অপমানিত বোধ করে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবারের মধ্যে শুরু হয় নতুন অশান্তি। একের পর এক গোপন সত্যি সামনে আসায় সম্পর্কের সমীকরণও দ্রুত বদলাতে থাকে। সেই টানাপোড়েনই এখন ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে।
টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। টিআরপির তালিকাতেও ধারাবাহিকটি নিয়মিত ভালো ফল করছে। গল্পে বারবার নতুন মোড় আসায় দর্শকদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে শান্তি ও জয়ন্তর সম্পর্কের এই নতুন টানাপোড়েন এখন আলোচনার কেন্দ্রে। আগামী দিনে ভুল বোঝাবুঝি আরও বাড়বে, নাকি সব সমস্যা মিটে যাবে, তা নিয়েই কৌতূহল বাড়ছে দর্শকমহলে। নির্মাতারাও ধারাবাহিকে একের পর এক চমক এনে আগ্রহ ধরে রাখার চেষ্টা করছেন। ফলে আগামী সপ্তাহগুলিতে টিআরপিতে এই মেগার নম্বর আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে।
