জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জোরকদমে চলছে ‘লাভ ইউ জুবিন দা’-র শুটিং, জুবিন গর্গের প্রতি ভালোবাসায় একসূত্রে বাঁধা শিল্পীরা! মুখ্য চরিত্রে অভিনয় করছেন কে? কবে পাচ্ছে মুক্তি?

পরিচালক ও সঙ্গীত পরিচালক শ্রী প্রীতম পরিচালিত বহুল প্রতীক্ষিত বাংলা মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’-র শুটিং এখন পুরোদমে চলছে। বাংলা ও অসমের সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠতে চলা এই ছবিটি কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর সঙ্গীতের অনুপ্রেরণাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এমডি ফারুক উদ্দিন-এর প্রযোজনায় এবং গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড ও বর্ষা মুভিজ-এর উপস্থাপনায় ছবিটি ইতিমধ্যেই দর্শকমহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে বিশাল নামে এক সংগ্রামী গায়ক, যার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুবিন গর্গ। স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা এবং সঙ্গীতের আবেগে এগিয়ে চলা এক তরুণের জীবনকাহিনির মধ্য দিয়েই ছবিটি দর্শকদের সামনে তুলে ধরবে এক হৃদয়স্পর্শী যাত্রা।
বর্তমানে ছবির শুটিং কলকাতা ও তার আশপাশের বিভিন্ন লোকেশনে চলছে। শুটিং নিয়ে পরিচালক শ্রী প্রীতম বলেন, “এই ছবিটি আমার কাছে শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি একটি আবেগের নাম। জুবিন দার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই এই ছবির ভাবনা।

শুটিংয়ের প্রতিটি দিন আমাদের কাছে নতুন এক অভিজ্ঞতা। শিল্পী এবং কলাকুশলীদের আন্তরিক সহযোগিতায় আমরা এমন একটি ছবি তৈরি করার চেষ্টা করছি, যা বাংলা ও অসম—দুই রাজ্যের দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।” ছবির অন্যতম বিশেষ দিক হল, এই প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক শিল্পীর ব্যক্তিগত আবেগ।
পরাণ বন্দ্যোপাধ্যায়, যিনি ছবিতে নায়িকা জিনিয়ার দাদুর চরিত্রে অভিনয় করছেন, বাস্তব জীবনেও জুবিন গর্গের গান ও সঙ্গীতের একজন একনিষ্ঠ অনুরাগী। পরিচালক শ্রী প্রীতম জানান, জুবিন গর্গের প্রতি ভালোবাসার কারণেই পরাণবাবু গল্প বা চিত্রনাট্য শোনার আগেই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানান।

একইভাবে, বিশিষ্ট পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহ, যিনি বাংলা চলচ্চিত্রে প্রথমবার জুবিন গর্গকে সঙ্গীত পরিচালক হিসেবে নিয়ে এসেছিলেন, এই ছবিতে জিনিয়ার বাবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। জুবিন গর্গের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং আবেগ এই ছবিকে আরও সমৃদ্ধ করেছে। অসমের জনপ্রিয় অভিনেত্রী গীতাবলী রাজকুমারী, যিনি ছবিতে জিনিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন, তিনিও জুবিন গর্গের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষদের একজন। জুবিন গর্গের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার টানেই তিনি ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানান এবং অসম থেকে কলকাতায় এসে শুটিংয়ে অংশ নেন।

WhatsApp Image 2026 07 11 at 17.25.02

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত ও ইকবাল রহিমি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, গীতাবলী রাজকুমারী, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায়, মধুমিতা গুপ্ত-সহ আরও অনেকে। উল্লেখ্য, ‘লাভ ইউ জুবিন দা’ কোনওভাবেই জুবিন গর্গের বায়োপিক নয়। এটি তাঁর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য, যেখানে সঙ্গীত, মানবিক সম্পর্ক, স্বপ্ন এবং আবেগের এক অনন্য গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতাদের আশা, বাংলা ও অসমের সাংস্কৃতিক বন্ধনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এই চলচ্চিত্র দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page