জি বাংলার এবারের মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’কে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী, দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। পাশাপাশি ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের চরিত্রেও টেলিপাড়ার পরিচিত মুখদের দেখা যাবে। অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা।
মহাদেবের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। প্রকাশ্যে আসা ছবিতে বাঘছাল, রুদ্রাক্ষের মালা, জটা এবং গলায় সর্প নিয়ে একেবারে শিবের সাজে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর লুকের সবচেয়ে বেশি নজর কেড়েছে মুখভর্তি দাড়ি। মহালয়ার অনুষ্ঠানে শিবের এমন চেহারা সাধারণত খুব একটা দেখা যায় না। ফলে ছবি সামনে আসতেই একাংশের প্রশংসার পাশাপাশি সমাজমাধ্যমে ট্রোলিংও শুরু হয়েছে।
অন্যদিকে, ভগবান বিষ্ণুর চরিত্রে দেখা যাবে ‘কুসুম’ এবং ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেতা সপ্তর্ষি রায়কে। মুকুট, স্বর্ণালঙ্কার এবং হাতে পদ্ম নিয়ে তাঁর সাজ বেশ রাজকীয়। তবে এই লুক নিয়েও নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ প্রশংসা করলেও অনেকে মনে করছেন, বিষ্ণুর চরিত্রে সপ্তর্ষিকে ঠিক মানিয়ে নিতে পারছেন না তাঁরা।
সৃষ্টিকর্তা ব্রহ্মার ভূমিকায় রয়েছেন অনুভব কৌশিক দত্ত। সাদা দাড়ি, শুভ্র পোশাক এবং পদ্মমালা দিয়ে তাঁর সাজে রাখা হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। এদিকে দেবী দুর্গার পাশাপাশি জি বাংলার আরও কয়েকজন নায়িকাকে দেবীর বিভিন্ন রূপে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, শ্বেতা ভট্টাচার্যকে পার্বতীর চরিত্রে এবং নাইজেল আকারাকে মহিষাসুরের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুনঃ ‘তারে ধরি ধরি মনে করি’ ছাড়লেন অহনা, নতুন কুন্তলিনী হিসেবে কার নাম ঘিরে জোর জল্পনা? নতুন কুন্তলীনী হয়ে এন্ট্রি নিচ্ছেন কে? জানলে চমকে যাবেন
মহিষাসুরমর্দিনী দেবীর নানা রূপ এবং অশুভ শক্তির বিনাশের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’। মহালয়ার ভোরে এই বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। তার আগেই ত্রিদেবের সাজ প্রকাশ্যে আসায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে রুবেলের দাড়িওয়ালা শিবের লুক এবং সপ্তর্ষির বিষ্ণু সাজ শেষ পর্যন্ত দর্শকদের কতটা পছন্দ হয়, সেটাই এখন দেখার।
