বাংলা ছবিতে নতুন জুটি নিয়ে আসছেন পরিচালক দুর্জয় মণ্ডল। তাঁর নতুন ছবি ‘অভিনেত্রী’তে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ওম সাহানি ও মৌপিয়া গোস্বামীকে। ছবির ঘোষণা এবং প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে নির্মাতার দাবি, ‘অভিনেত্রী’কে শুধুমাত্র সাধারণ প্রেমের ছবি হিসেবে দেখলে ভুল হবে। গল্পের আবেগ, চরিত্রের টানাপোড়েন এবং রহস্য, সব মিলিয়ে ছবিতে একাধিক চমক রাখছেন তিনি।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে কাব্য রায় এবং পদ্মজা। কাব্য একজন উঠতি লেখক, যে গল্প ও চিত্রনাট্য লিখে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন পরিচালক ও প্রযোজকের অফিসে ঘুরে বেড়ানো কাব্যের জীবনে এই সময়টা সংগ্রামের। অন্যদিকে পদ্মজা একজন প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী মডেল এবং অভিনেত্রী। নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি তৈরি করতে চায় সে। দুই ভিন্ন স্বপ্নের মানুষ কীভাবে একে অপরের জীবনে আসে, সেটাই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
ওম সাহানির কথায়, কাব্য ও পদ্মজার পরিচয়ের পর তাঁদের সম্পর্ক একেবারে সহজ পথে এগোয় না। জীবনের নানা বাধা, পেশাগত লড়াই এবং বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের। সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি নিজেদের স্বপ্ন ধরে রাখার লড়াইটাও চলতে থাকে। মৌপিয়ার কাছে পদ্মজা চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। তাঁর মতে, চরিত্রটির মধ্যে যেমন স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তেমনই রয়েছে আবেগ এবং নানা চ্যালেঞ্জ। পদ্মজার এই যাত্রা দর্শকদের সঙ্গে কোনও না কোনওভাবে যোগ তৈরি করবে বলেই আশা অভিনেত্রীর।
তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশ এখনও আড়ালেই রাখতে চাইছেন দুর্জয় মণ্ডল। তাঁর বক্তব্য, ‘অভিনেত্রী’ শুধু প্রেমের গল্প নয়, আবার শুধুই রহস্য নির্ভর ছবিও নয়। সম্পর্ক, আবেগ এবং চরিত্রগুলির মনস্তত্ত্বের সঙ্গে রহস্যকে এমনভাবে মেশানো হয়েছে, যাতে দর্শক শেষ পর্যন্ত গল্পের সঙ্গে যুক্ত থাকেন। ছবির গুরুত্বপূর্ণ বাঁকগুলি আগে থেকে প্রকাশ করলে দর্শকদের আসল অভিজ্ঞতা নষ্ট হতে পারে বলেই ট্রেলার বা প্রচারে গল্পের অনেকটাই গোপন রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ “আজ বন্ধু বলে কাল আদিত্যকে পাওয়ার জন্য সম্রাটের মতোই ঘৃণ্য কিছু করে বসবে না তো?” বিয়ে করতে না চাইলেও পরিবারের চাপে চুপ আদিত্য-রোহিনী! ‘কমলা নিবাস’-এ রোহিনী এখন পিছিয়ে গেলেও পরে আদিত্যকে স্বামী হিসেবে পেতে কী কাণ্ড ঘটাবে তা নিয়েই দর্শকের আশঙ্কা?
ওম ও মৌপিয়ার জুটি নিয়েও যথেষ্ট আশাবাদী পরিচালক। তাঁর মতে, দুই অভিনেতার মধ্যে থাকা স্বাভাবিক ও নতুন ধরনের এনার্জি পর্দায় আলাদা রসায়ন তৈরি করবে। কাব্য ও পদ্মজার ব্যক্তিগত স্বপ্ন, পেশাগত সংগ্রাম এবং সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেই উত্তরই ছবিতে মিলবে। পাশাপাশি গল্পের আড়ালে থাকা রহস্য কীভাবে সামনে আসে, সেটিও গুরুত্বপূর্ণ। প্রেম, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং রহস্যের মিশেলে ‘অভিনেত্রী’ দর্শকদের জন্য কতটা নতুন অভিজ্ঞতা তৈরি করে, এখন সেটাই দেখার।
