জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রবিবার বিগ বসের ঘর থেকে কার বিদায়?সোহিনী-নন্দিনীকে ঘিরে জোর জল্পনা! আপনি চাইছেন কাকে?

দেখতে দেখতে আরও একটি সপ্তাহ শেষের পথে। আর তার সঙ্গেই ফের সামনে ‘বিগ বস বাংলা’র এভিকশন পর্ব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবার’-এ রবিবারই জানা যাবে, দর্শকদের ভোটে কার সফর শেষ হচ্ছে। তবে তার আগেই ঘরের অন্দরের নানা ঘটনা এবং নেটপাড়ার আলোচনাকে ঘিরে উঠে আসছে একাধিক নাম। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন সোহিনী পাল এবং নন্দিনী দত্ত।

গত কয়েকদিনে বিগ বসের ঘরে একের পর এক ঘটনা পরিস্থিতিকে বেশ উত্তপ্ত করে তুলেছে। ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলা গুহ আহত হওয়ার ঘটনা ঘিরে নন্দিনীকে নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। অন্যদিকে রাজবীর দে এবং নন্দিনীর সম্পর্কের সমীকরণও বারবার বদলেছে। কখনও তাঁদের ঘনিষ্ঠতা, আবার কখনও মনোমালিন্য, সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি সোনামণি সাহা এবং নিরঞ্জন মণ্ডলের বাগ্‌যুদ্ধও ঘরের পরিবেশকে আরও উত্তপ্ত করেছে।

এই পরিস্থিতিতে এভিকশনের আগে আলোচনায় উঠে এসেছে সোহিনীর নাম। নেটপাড়ার একাংশের মতে, শোয়ের শুরু থেকে সোহিনী তুলনামূলকভাবে শান্ত ছিলেন। ক্যাপ্টেন হওয়ার সুযোগ পেলেও তাঁকে ঘিরে প্রত্যাশা অনুযায়ী তেমন আলোচনার জন্ম হয়নি বলেই মত দর্শকদের একাংশের। ফলে এভিকশনের সম্ভাব্য তালিকায় তাঁর নাম উঠে এসেছে। তবে এগুলি এখনও জল্পনা, রবিবারের ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সোহিনীর বিদায় নিশ্চিত নয়।

অন্যদিকে নন্দিনী দত্তের নামও রয়েছে চর্চার কেন্দ্রে। বিশেষ করে সৃজলা আহত হওয়ার ঘটনার পর নন্দিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নন্দিনীর জনসংযোগ দলের তরফে পরে জানানো হয়েছিল, টাস্কে সৃজলাকে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না এবং ঘটনাটি অনিচ্ছাকৃত। তবুও ওই ঘটনার প্রভাব তাঁর জনপ্রিয়তায় কীভাবে পড়েছে, তা নিয়েই এখন আলোচনা চলছে।

তবে শুধু সোহিনী বা নন্দিনীই নন, এভিকশন নিয়ে আলোচনায় রয়েছে দীপেন্দু বিশ্বাস, ঝিলম গুপ্ত এবং নিরঞ্জন মণ্ডলের নামও। ফলে শেষ পর্যন্ত দর্শকদের ভোট কোন দিকে যায়, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শনিবার আবার বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন মিস ওড়িশা অনুষ্কা ঘোষ। তাঁর প্রবেশের পর ঘরের সমীকরণও বদলাতে পারে। সব মিলিয়ে রবিবারের এভিকশন পর্ব ঘিরে কৌতূহল তুঙ্গে।

Piya Chanda

                 

You cannot copy content of this page