জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের কয়েক মাসেই জীবনে এলো খুশি! সুখবর দিলেন মধুমিতা- দেবমাল্য

বিয়ের পর মধুমিতা সরকারের জীবনে একের পর এক নতুন অধ্যায় যোগ হচ্ছে। কখনও স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি, কখনও একান্ত মুহূর্তের ঝলক, অনুরাগীদের সঙ্গে নিয়মিতই কিছু না কিছু ভাগ করে নেন অভিনেত্রী। এবারও তেমনই একটি বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। তবে এবারের খবরটা একটু অন্যরকম। দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জীবনে শুরু হল আরও একটি নতুন অধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মধুমিতার পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কৌতূহল বেড়েছে। কী এমন ঘটল, যার জন্য এতটা খুশি অভিনেত্রী? ছবিগুলি সামনে আসতেই অবশ্য সেই প্রশ্নের উত্তর মিলেছে।

আসলে এবার স্বামী দেবমাল্যকে নিয়ে নিজেদের নতুন ঠিকানায় পা রাখলেন মধুমিতা। বিশেষ দিনটিকে ঘিরে আয়োজন করা হয়েছিল গৃহপ্রবেশের পুজো। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী, অন্যদিকে দেবমাল্যের পরনে ছিল সাদা পাঞ্জাবি। নতুন বাড়িতে পুজোর বিভিন্ন আচারেও অংশ নেন তাঁরা। সঙ্গে ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং তাঁদের প্রিয় পোষ্যও। অর্থাৎ একেবারে পারিবারিক আবহেই নতুন ঠিকানায় শুরু হল তাঁদের পথচলা। তবে পুরো বাড়ির ছবি প্রকাশ্যে আনেননি মধুমিতা। ভিডিয়ো এবং ছবির মাধ্যমে শুধু বিশেষ দিনের কিছু মুহূর্তই অনুরাগীদের দেখিয়েছেন।

এই বিশেষ দিনের ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমাদের জন্য চিয়ার্স।’ অভিনেত্রীর এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। দর্শনা বণিক, সুদীপ্তা চক্রবর্তী, ঊষসী রায়ের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন মধুমিতা ও দেবমাল্যকে। বিয়ের পর নতুন সংসার, এবার নতুন ঠিকানা, সব মিলিয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে যেন পরপরই যোগ হচ্ছে নতুন অধ্যায়। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন তাঁর সোশ্যাল মিডিয়ার অনুরাগীরাও।

মধুমিতা ও দেবমাল্যের সম্পর্কের গল্পও কম চর্চিত নয়। দীর্ঘদিনের বন্ধুত্বের পর চলতি বছরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা না বললেও মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ধরা পড়েছে। এবার নতুন বাড়ির গৃহপ্রবেশের ছবি সামনে আসায় ফের তাঁদের সংসারজীবন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ঠিকানায় পুজোর মুহূর্তে দুজনকে বেশ খুশিই দেখিয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিও দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত মধুমিতা। সম্প্রতি তাঁর অভিনীত ‘অটবি’ ছবিটি মুক্তি পেয়েছে। সৌম্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে মধুমিতার সঙ্গে দেখা গিয়েছে সাহেব চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক এবং ইনায়া চৌধুরীকে। ছোটপর্দায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। আপাতত নতুন করে ধারাবাহিকে ফেরার পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে। তবে কাজের ব্যস্ততার মাঝেই দেবমাল্যকে সঙ্গে নিয়ে নতুন ঠিকানায় সংসার সাজানোর এই মুহূর্ত যে মধুমিতার কাছে বিশেষ, তাঁর পোস্ট দেখেই তা স্পষ্ট।

Piya Chanda

                 

You cannot copy content of this page