জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দেশু ৭’ হিট হলেই দেবের পরের ছবিতে জিৎ! নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ শুভশ্রীর, পরিচালনায় দেব?

টলিউডের দুই সুপারস্টারকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। একদিকে দেবের পরিচালনায় প্রথম ছবি ‘দেশু ৭’, অন্যদিকে সেই ছবির ঝলক প্রকাশের মঞ্চে হাজির জিৎ। তাঁকে দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু অনুষ্ঠানের মঞ্চে এমন কী ঘটল, যার পর থেকেই দেবের পরবর্তী ছবিতে জিতের অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়েছে? শুধু তাই নয়, সম্ভাব্য নায়িকার নাম নিয়েও উঠে এল এক পরিচিত মুখ। দেবের একটি ঘোষণাতেই জমে উঠল তারকাখচিত সেই অনুষ্ঠান।

নজরুল মঞ্চে ‘দেশু ৭’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে দেব জানান, তাঁর পরিচালিত এই ছবি সফল হলে পরের ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎকে। দেবের এই কথার পরেই ‘দেশু ৭’-এর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় মজা করে জানিয়ে দেন, তিনি হলে নায়িকা হতে চান। দেবও জানান, নিজের জায়গায় অন্য কোনও নায়ককে শুভশ্রীর বিপরীতে বেছে নিতে হলে তাঁর পছন্দ জিৎ। ফলে দেব, জিৎ ও শুভশ্রীকে নিয়ে নতুন ছবির সম্ভাবনা ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।

তবে বিষয়টি শুধু দেবের মজার ঘোষণা বা শুভশ্রীর ইচ্ছা প্রকাশেই থেমে থাকেনি। জিৎ নিজেও এই সম্ভাবনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তাঁর আশা, ‘দেশু ৭’ দর্শকের মন জয় করবে। ছবিটি সফল হলে দেবের পরিচালনায় কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। মঞ্চে দেব ও জিৎকে একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যায়। উল্লেখ্য, জিৎ ও শুভশ্রী এর আগে ‘বস’ ছবিতে জুটি বেঁধেছিলেন। সেই জনপ্রিয় জুটিকে ফের বড় পর্দায় দেখার সম্ভাবনা অনুরাগীদের কাছে নিঃসন্দেহে বাড়তি আকর্ষণের।

অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দু’জনেই কালো পোশাকে নজর কাড়েন। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার এবং রজতাভ দত্তের মতো তারকারা। ছবিতে সঙ্গীত পরিচালনা ও গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, যিনি অনুষ্ঠানে দেবের পরিশ্রমের প্রশংসাও করেন। অন্যদিকে, উপস্থিত থাকতে না পারলেও হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপাতত দেবের পরবর্তী ছবিতে জিৎ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। তবে ‘দেশু ৭’-এর সাফল্যের সঙ্গে জড়িয়ে গেল নতুন ছবির এই সম্ভাবনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page