ছোটপর্দার দর্শকদের কাছে তিনি কখনও ‘গোয়েন্দা গিন্নি’, কখনও আবার ‘শ্রীময়ী’। তাঁর অভিনীত চরিত্র আজও দর্শকের মনে জায়গা করে রয়েছে। দীর্ঘদিন পর ফের টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে ইন্দ্রাণী হালদারকে। তবে কোনও নতুন ধারাবাহিকের হাত ধরে নয়, বরং একেবারে অন্য অবতারে ফিরছেন অভিনেত্রী। তাঁর প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। কিন্তু কোন অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে?
সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর বিশেষ পর্বে হাজির হবেন ইন্দ্রাণী। পায়েল দে সঞ্চালিত এই অনুষ্ঠানের নতুন প্রোমোতে তাঁকে দেখা গিয়েছে দেবী মহিষাসুরমর্দিনীর সাজে। দেবীপক্ষের আবহে তাঁর এই তেজস্বী রূপ নজর কেড়েছে দর্শকদের। পর্দায় অভিনেত্রীর এমন সাজ দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে তাঁর পুরনো অভিনয়ের দিনগুলির কথা। যদিও এই বিশেষ পর্বটি ঠিক কবে সম্প্রচারিত হবে, তা এখনও জানানো হয়নি।
‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছুটা সময় ক্যামেরার আড়ালে ছিলেন ইন্দ্রাণী। মাঝে শারীরিক অসুস্থতা নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি ওজন কমিয়ে নতুন রূপে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার টেলিভিশনের পর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এই প্রত্যাবর্তন দেখে যাঁরা ভাবছেন, আবার কি কোনও মেগা সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি, তাঁদের জন্য রয়েছে অন্য খবর।
এই মুহূর্তে মেগা সিরিয়ালে ফেরার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ইন্দ্রাণী। বরং ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমায় কাজ করাতেই এখন বেশি আগ্রহী তিনি। অর্থাৎ ছোটপর্দায় দেখা গেলেও আপাতত ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ে ফেরার কথা ভাবছেন না অভিনেত্রী। তবে নন-ফিকশন শো কিংবা রিয়্যালিটি শো সঞ্চালনা করার ইচ্ছা রয়েছে তাঁর। ফলে ভবিষ্যতে অন্য কোনও অনুষ্ঠানে তাঁকে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ পুজোয় কি তবে জে’ল যাত্রা? উৎসবের আবহে বড় ধা’ক্কা সোহম চক্রবর্তীর! আগাম জামিনের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে, এবার কী হবে?
‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর এই বিশেষ পর্বের হাত ধরে ফের দর্শকদের সামনে আসছেন ইন্দ্রাণী। তাঁর অভিনীত ‘শ্রীময়ী’ কিংবা ‘গোয়েন্দা গিন্নি’র মতো চরিত্রের স্মৃতি এখনও দর্শকের মনে উজ্জ্বল। তাই নতুন এই উপস্থিতি কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার। আপাতত নতুন ধারাবাহিক নয়, বরং অন্য ধরনের কাজেই নিজের পরবর্তী ইনিংস সাজাতে চাইছেন অভিনেত্রী।
