বিগ বস বাংলার ঘরে দুর্নিবার সাহার খেলা যত এগোচ্ছে, ততই বাড়ছে তাঁকে ঘিরে আলোচনা। কখনও তাঁর ঠান্ডা মাথায় চাল দেওয়া, কখনও প্রতিপক্ষকে বুদ্ধির খেলায় মাত দেওয়া, আবার কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে তাঁর সমীকরণ, সব মিলিয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন গায়ক। তবে এবার বিগ বসের ঘরের কোনও প্রতিযোগী নয়, বাইরে থেকে তাঁকে নিশানা করলেন তাঁরই এক পুরনো সহ-প্রতিযোগী। তিনি সৌম্য চক্রবর্তী। সমাজমাধ্যমে নাম না করেই এমন কিছু কথা লিখলেন তিনি, যা দেখে নেটপাড়ার অনেকেরই বুঝতে অসুবিধা হয়নি, তাঁর নিশানায় রয়েছেন দুর্নিবার। কিন্তু হঠাৎ কেন ফের দুর্নিবারকে নিয়ে সরব হলেন সৌম্য? বিগ বসের কোন বিষয়টি এতটা বিরক্ত করল তাঁকে?
আসলে দুর্নিবার এবং সৌম্য দু’জনেই একসময় জনপ্রিয় গানের রিয়্যালিটি শো সারেগামাপার প্রতিযোগী ছিলেন। ২০১৫-১৬ সালের সেই সিজনে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই প্রতিযোগিতায় আধুনিক গানের বিভাগে প্রথম হয়েছিলেন দুর্নিবার সাহা। অন্যদিকে, লোকগীতি বিভাগে সেরার শিরোপা জেতার পাশাপাশি সামগ্রিকভাবেও বিজয়ী হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। সেই সময় থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তার ইঙ্গিত আগেও একাধিকবার পাওয়া গিয়েছে। বিশেষ করে দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়ে অতীতেও সমাজমাধ্যমে কটাক্ষ করতে দেখা গিয়েছিল সৌম্যকে।
এবার বিগ বস বাংলার মঞ্চে দুর্নিবারের উপস্থিতি ঘিরেই নতুন করে সেই পুরনো বিতর্ক সামনে এল। সৌম্য নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সঠিক জায়গায় অশিক্ষিত এবং গান জানার অভিনয় করা মানুষকে দেখে ভালো লাগছে। শুধু তাই নয়, সেই ব্যক্তির জায়গা যে বিগ বসের ঘরেই, এমন কথাও লেখেন তিনি। এরপর আরও কটাক্ষ করে জানান, ওই ব্যক্তি জিতে ফিরবেন বলেই তাঁর বিশ্বাস। কারণ রাজনীতি করতে তাঁর মতো ভালো আর কেউ নেই। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও বিগ বসের ঘরে দুর্নিবার ছাড়া আর কোনও গায়ক প্রতিযোগী না থাকায় নেটিজেনদের একাংশের ধারণা, এই মন্তব্য তাঁকেই উদ্দেশ্য করে।
তবে এখানেই শেষ নয়। সৌম্যর পোস্টে উঠে এসেছে আরও একটি বিস্ফোরক ইঙ্গিত। দালানবাড়ির ১৬ লক্ষ টাকা কোথায় গেল, সেই প্রশ্নও তুলেছেন তিনি। ঠিক কীসের প্রেক্ষিতে এই মন্তব্য, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি গায়ক। ফলে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। উল্লেখ্য, এর আগেও দুর্নিবারের দ্বিতীয় বিয়ের সময় তাঁকে কটাক্ষ করেছিলেন সৌম্য। সেই সময় পরিণত প্রেমের বিয়ে এবং সওদার মধ্যে পার্থক্য টেনে সমাজমাধ্যমে মন্তব্য করেছিলেন তিনি। ফলে দুই শিল্পীর পুরনো বিবাদ যে এখনও পুরোপুরি মেটেনি, তা ফের স্পষ্ট হল।
অন্যদিকে, বিগ বসের ঘরে দুর্নিবার নিজের মতো করে খেলা চালিয়ে যাচ্ছেন। তাঁর কৌশল, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো এবং প্রতিপক্ষের সঙ্গে সমীকরণ তৈরি করা নিয়ে দর্শকদের মধ্যে যেমন আলোচনা হচ্ছে, তেমনই রয়েছে সমালোচনাও। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সৌম্য। যদিও তাঁর পোস্টে সরাসরি দুর্নিবারের নাম নেই, তবুও ইঙ্গিত বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের। তবে এই কটাক্ষের কোনও উত্তর কি দেবেন দুর্নিবার? নাকি বিগ বসের ঘরের খেলাতেই মন দিতে চাইবেন তিনি? আপাতত সেই দিকেই নজর দর্শকদের।
