জন্মদিনে দামি দামি উপহার দেওয়া-নেওয়া! জমাটি প্রেমের গুঞ্জন! হঠাৎই একে অপরকে আনফলো আরাত্রিকা- অভিষেকের! তবে কি ভাঙছে বহুল চর্চিত জুটি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে ঋষি ও উজির জুটি দর্শকের বেশ পছন্দের। পর্দায় তাঁদের রসায়ন নজর কেড়েছে বহুবার। শুধু ধারাবাহিকের গল্প নয়, এই জুটিকে ঘিরে বাস্তব জীবনেও তৈরি হয়েছিল নানা চর্চা। আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় কানাঘুষো কম হয়নি। একে অপরের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা, বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, উপহার দেওয়া, সব মিলিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল প্রেমের জল্পনা। তবে এবার সেই সম্পর্কের সমীকরণ নিয়েই উঠছে নতুন প্রশ্ন। আচমকাই নাকি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন আরাত্রিকা ও অভিষেক। তাহলে কি দুজনের সম্পর্কে কোনও তিক্ততা তৈরি হয়েছে? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

বিষয়টি প্রথম নজরে আসে তাঁদের অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এই জুটির গতিবিধির উপর নজর রাখেন অনেকেই। তাঁরাই খেয়াল করেন, আরাত্রিকা ও অভিষেক আর একে অপরকে ফলো করছেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, কিছুদিন আগেও দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরের প্রতি বিশেষ ভালো লাগার ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার বিনিময় নিয়ে তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। ফলে হঠাৎ এই আনফলো করার ঘটনায় অনেকের মনেই প্রশ্ন, তবে কি পর্দার বাইরেও তাঁদের সম্পর্কের ছন্দপতন ঘটেছে?

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ছিল আরাত্রিকার জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা উপহার দিয়েছিলেন অভিষেক। উপহারটি পেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দের কথা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এই ক্যামেরাটি তাঁর অনেক দিনের উইশলিস্টে ছিল। অভিষেককে ধন্যবাদ জানানোর পাশাপাশি লিখেছিলেন, তিনি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা অভিষেক জানেন। এই পোস্টের পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা আরও বেড়েছিল। অন্যদিকে, অভিষেকের জন্মদিনেও বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন আরাত্রিকা। একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন তিনি। সেখানে ব্যবহার করেছিলেন ‘মটরগস্তি’ গানটি। তাঁদের এই সমস্ত আদানপ্রদান দেখে অনেকেই মনে করেছিলেন, বন্ধুত্বের চেয়েও বেশি কিছু রয়েছে দুজনের মধ্যে।

তবে প্রেমের জল্পনা নিয়ে আগেও মুখ খুলেছিলেন আরাত্রিকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় তাঁদের রসায়ন ভালোভাবে ফুটে উঠেছে বলেই দর্শক বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে এমন ধারণা তৈরি করেছেন। দর্শকের এই ভালোবাসাকে তিনি ইতিবাচকভাবেই দেখেন বলে জানিয়েছিলেন। তবে সেই চর্চা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন সমস্যা তৈরি হয় বলেও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। অর্থাৎ, পর্দার জুটির সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ককে এক করে দেখতে নারাজ তিনি। এবার একে অপরকে আনফলো করার ঘটনায় সেই পুরনো জল্পনাই নতুন করে মাথাচাড়া দিয়েছে।

এদিকে, এই বিষয়ে আরাত্রিকার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অভিনেত্রীর সংক্ষিপ্ত উত্তর, এই ব্যাপারে তিনি কিছু বলতে চান না, ‘নো কমেন্টস’। ফলে তাঁদের মধ্যে ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিষেকের তরফেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। দুজনের মধ্যে সত্যিই কোনও মনোমালিন্য হয়েছে, নাকি ব্যক্তিগত কোনও কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে আপাতত জল্পনাই চলছে। তবে তাঁদের অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ঋষি-উজির জনপ্রিয় জুটি কি এবার বাস্তবের সম্পর্কের টানাপোড়েনের কারণেও চর্চায় থাকবে? উত্তর অবশ্য সময়ই দেবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page