“এটা আবার কী নাটক?” “একদিন রাজবীর বলেছিল, তুমি এর জন্য কাঁদবে আজ সেটাই সত্যি হল!” সৃজলার সঙ্গে অশান্তির জেরে বিগ বসের ঘরে নিজেকে আ’ঘাত করার চেষ্টা জীতু কমলের? কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা, নতুন প্রোমো দেখে কটাক্ষ দর্শকদের!

বিগ বস বাংলার ঘরে ফের চর্চার কেন্দ্রে জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্ক। বেশ কিছু দিন ধরেই এই দুই প্রতিযোগীর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে দর্শকমহলে। এর আগে আকাশ-বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছিলেন জীতু। অভিনেতা সরাসরি প্রেমের প্রস্তাব দিলেও সৃজলা সম্ভবত তাতে সম্মতি জানাননি। যদিও তাঁদের মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রেমের প্রস্তাবের পরেও দুজনকে বারবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। বিভিন্ন টাস্কেও সৃজলার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন জীতু। এমনকী বাড়ির বাকি প্রতিযোগীদের থেকে অনেকটাই আলাদা হয়ে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার নতুন একটি প্রোমো সামনে আসতেই জীতুর আচরণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি স্টার জলসার তরফে বিগ বস বাংলার একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বাড়ির সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন জীতু। বিগ বসের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘বিগ বস কথা বলতে চাই’। এরপর আচমকাই কাঁধ দিয়ে বিগ বসের দেওয়ালে আঘাত করতে শুরু করেন অভিনেতা। আশ্চর্যের বিষয়, দেওয়ালের যে অংশে তিনি আঘাত করছিলেন, সেখানে একটি আয়না লাগানো ছিল। জীতুর এমন আচরণ দেখে বাগানে বসে থাকা দুর্নিবার সাহা এবং নিরঞ্জন অবাক হয়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে নিরঞ্জন চিৎকার করে ওঠেন। অন্যদিকে, জীতুকে থামাতে দ্রুত ছুটে আসেন সৃজলাও। অভিনেতার পিঠে হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায় সৃজলাকে। আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিগ বসের বাড়ির পরিবেশও বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর পরিস্থিতি সামাল দিতে জীতুকে কনফেশন রুমে ডেকে পাঠান বিগ বস। সেখানে পৌঁছেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। অন্যদিকে, পুলের ধারে বসে সৃজলাকেও কাঁদতে দেখা যায়। বাড়ির অন্যান্য প্রতিযোগীরা তাঁকেও শান্ত করার চেষ্টা করেন। ঠিক কী কারণে জীতুর এমন আচরণ, তা অবশ্য প্রোমোতে পরিষ্কার করে জানানো হয়নি। তবে সৃজলার সঙ্গে কোনও মান-অভিমান থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, এর আগের পর্বেও তাঁদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে মনোমালিন্য দেখা গিয়েছিল। মঙ্গলবারের পর্বে খাবার সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। জীতুর অভিযোগ ছিল, তিনি খেয়েছেন কি না, সেই খোঁজটুকুও নেননি সৃজলা। এই বিষয়টি নিয়েই তাঁর মনে অভিমান জমেছিল বলে জানা যায়।

খাবার নিয়ে শুরু হওয়া সেই মনোমালিন্য একসময় বড়সড় বচসার আকার নেয়। বাথরুমের মধ্যে দীর্ঘক্ষণ দুজনকে তর্ক করতে দেখা যায়। জীতুর অভিমান, সৃজলা তাঁর প্রতি আগের মতো খেয়াল রাখছেন না। যদিও সেই ঘটনার পর টাস্ক চলাকালীন দুজনের আচরণে তেমন কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। বরং তাঁদের স্বাভাবিকভাবেই একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, বিগ বসের ঘরে সৃজলাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর থেকেই জীতুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে একাধিকবার ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও সমালোচনার মুখে পড়েছেন জীতু। শুধু তাই নয়, জীতু ও সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে মজাও করেছেন সৌরভ। এবার নতুন প্রোমোয় জীতুর এমন আচরণ সামনে আসার পর সঞ্চালক কী প্রতিক্রিয়া দেন, সেদিকেও নজর থাকবে দর্শকদের।

তবে জীতুর এই আচরণের প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। দর্শকদের একটা বড় অংশ জীতু ও সৃজলা দুজনের আচরণকেই নাটক বলে কটাক্ষ করছেন। অনেকেরই দাবি, বিগ বসের ঘরে জনপ্রিয়তা পাওয়ার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘এটা কি চলছে জীতু?? কেন ভালোবেসে ফেললে জিতু?? কেন??’ অন্য এক নেটিজেন লিখেছেন, ‘নতুন নাটক শুরু আবার’। শুধু তাই নয়, আরেক দর্শক পুরনো একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘একদিন রাজবীর বলেছিল, তুই এর জন্য কাঁদবি। সেটাই সত্যি হল!’ অর্থাৎ, জীতুর কান্নার দৃশ্য সামনে আসতেই রাজবীরের সেই পুরনো মন্তব্যও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সব মিলিয়ে, সৃজলার সঙ্গে জীতুর সম্পর্কের সমীকরণ এবং অভিনেতার সাম্প্রতিক আচরণ নিয়ে এখন সরগরম বিগ বস বাংলার অন্দরমহল।

Piya Chanda

                 

You cannot copy content of this page