সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমে উঠেছে বিগ বস বাংলার তৃতীয় সিজনের শেষ পর্যায়ের খেলা। ফাইনালের দিন যত এগিয়ে আসছে, ততই প্রতিযোগীদের মধ্যে বাড়ছে টানাপড়েন। এত দিন বাড়ির ভিতরে জীতু কামাল ও সৃজলা গুহকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। অন্য দিকে, তাঁদের বিরুদ্ধে অনেকটা একজোট হয়েছিলেন বাড়ির বাকি সদস্যরা। কিন্তু টিকিট টু ফিনালের লড়াই শুরু হতেই বদলে যেতে থাকে পুরনো বন্ধুত্ব ও জোটের হিসাব। কে কাকে সমর্থন করবেন, আর কে কাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে চাইবেন, তা নিয়ে তৈরি হয় নতুন সমীকরণ। এই টাস্ককে ঘিরেই বাড়ির পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিযোগীদের কাছে এখন একটাই লক্ষ্য, শেষ পর্যন্ত টিকে থেকে ফাইনালে যাওয়ার সুযোগ নিশ্চিত করা।
টিকিট টু ফিনালের প্রথম ধাপেই ছিল বিশেষ কয়েনের খেলা। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হয়েছিল ১০০টি করে কয়েন। সেই কয়েন ব্যবহার করে তাঁদের কয়েকটি স্যুটকেস থেকে সুবিধা অথবা অসুবিধার কার্ড সংগ্রহ করতে হয়। এই পর্বে দুর্নিবার সাহা, মনামী ঘোষ ও সৃজলার ভাগ্যে জোটে বাড়তি সুবিধা। অন্য দিকে, জীতু কামাল ও সৌরভ দাসকে পেতে হয় অসুবিধার কার্ড। ফলে শুরুতেই কিছুটা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। সোমবার নমিনেশনে থাকার কারণে তনুশ্রী রায় দাস ও রণিতা দাস এই টাস্কে অংশ নেওয়ার সুযোগ পাননি। এরপর শুরু হয় আসল লড়াই। প্রত্যেকের নাম লেখা বোর্ড একটি নির্দিষ্ট রিংয়ের মধ্যে রাখা হয়েছিল। নিজের বোর্ড বাঁচিয়ে রাখার পাশাপাশি অন্য প্রতিযোগীদের বোর্ড ভেঙে দেওয়াই ছিল এই খেলার মূল লক্ষ্য।
টাস্ক শুরু হওয়ার আগেই জীতু ও সৃজলাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন দুর্নিবার, সৌরভ, নিরঞ্জন মণ্ডল, মনামী এবং রাজবীর দে। তাঁদের ধারণা ছিল, প্রথমেই এই দু’জনকে সরিয়ে দিতে পারলে পরবর্তী লড়াই অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু খেলা শুরু হতেই সেই পরিকল্পনায় বড়সড় বদল আসে। রাজবীর হঠাৎ করেই একের পর এক প্রতিযোগীর বোর্ড ভাঙতে শুরু করেন। এমনকি নিরঞ্জনকে দেওয়া প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত রাখেননি তিনি। রাজবীরের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন বাড়ির অন্য সদস্যরা। যাঁরা কিছুক্ষণ আগেও একসঙ্গে পরিকল্পনা করেছিলেন, তাঁরাই এবার একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। টাস্কের ফলাফলে জীতু, সৃজলা, মনামী এবং সৌরভ পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পান। অন্য দিকে, নিরঞ্জন, দুর্নিবার ও রাজবীরের টিকিট টু ফিনালের এই রাউন্ডের যাত্রা শেষ হয়।
খেলা শেষ হওয়ার পরেও অবশ্য বাড়ির উত্তেজনা কমেনি। জীতু ও সৃজলাকে বাদ দিয়ে বাকি সদস্যদের একাংশ রাজবীরকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। বিশেষ করে নিরঞ্জনের সঙ্গে তাঁর বচসা নজর কাড়ে। নিরঞ্জনের অভিযোগ ছিল, তিনি রাজবীরের বোর্ডে হাত পর্যন্ত দেননি, অথচ রাজবীর তাঁর সঙ্গে করা কথা রাখেননি। অন্য দিকে, রাজবীরের বক্তব্য ছিল, জীতু ও সৃজলাকে সরিয়ে দেওয়ার পর বাকিদের পরবর্তী নিশানা হতেন তিনিই। তাই নিজের খেলার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ঘটনা ঘিরে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাজবীরের পাশে জীতু ও সৃজলাকে দাঁড়াতেও দেখা যায়। প্রথম থেকেই জীতুর প্রতি রাজবীরের সমর্থন ছিল। তবে সৃজলার হয়েও তিনি এ ভাবে খেলবেন, তা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।
এ দিকে, টিকিট টু ফিনালের পরবর্তী পর্যায়েও আরও কঠিন লড়াই অপেক্ষা করছিল প্রতিযোগীদের জন্য। প্রথম ধাপ পেরিয়ে জীতু, সৃজলা, মনামী ও সৌরভের সামনে ছিল নিজেদের জায়গা পাকা করার চ্যালেঞ্জ। পরবর্তী পর্যায়ে মনামী ও সৃজলার মধ্যে লড়াইয়ের কথাও উঠে আসে। অন্য দিকে, জীতু ও সৌরভও ফাইনালে যাওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগী হয়ে ওঠেন। জীতুর ক্ষেত্রে বিশেষ বিষয় হল, প্রথম ধাপেই তাঁকে অসুবিধার কার্ড দেওয়া হয়েছিল। সেই প্রতিকূলতা সামলে পরবর্তী রাউন্ডে পৌঁছন অভিনেতা। ফলে তাঁর খেলার কৌশল এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রথম ধাপে জয়ী হওয়া আর চূড়ান্ত টিকিট জিতে সরাসরি ফাইনালে পৌঁছনো এক বিষয় নয়। পরবর্তী রাউন্ডের ফলাফলের উপরেই নির্ভর করছে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে সেই বিশেষ সুযোগ।
আরও পড়ুনঃ ‘জীতু-সৃজলার ন*ষ্টামি প্রকাশ্যে আনুক চ্যানেল!’ ‘রাজবীরকে ভুল বুঝছেন দর্শকরা!’ পিরি’য়ডস নিয়ে নাকি কটা’ক্ষ করেছেন রাজবীর? বিগ বসের ঘরে নতুন বিতর্ক, সৃজলা গুহকে ঘিরে র’ক্তচ’ক্ষু নাকি অন্যের উস্কা’নিতেই ক্ষু’ব্ধ জীতু? পাল্টা কী অভিযোগ দর্শকদের?
অন্য দিকে, ফাইনালের দৌড় যত এগোচ্ছে, ততই বাড়ির ভিতরে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়েও আলোচনা চলছে। কয়েক সপ্তাহ আগে ফিল্মি কায়দায় সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জীতু। তাঁদের কখনও মান-অভিমান, কখনও একে অপরকে সমর্থন করতে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি প্রোমোয় জীতুকে বিগ বসের সঙ্গে কথা বলার জন্য আয়নার সামনে দাঁড়াতে এবং পরে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তাঁকে কনফেশন রুমেও ডাকা হয়। এই ঘটনা নিয়েও দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর আচরণকে আবেগের প্রকাশ বলে মনে করছেন, আবার কেউ ফাইনালের আগে এই ঘটনাকে অন্যভাবে দেখছেন। সব মিলিয়ে বিগ বস বাংলার বাড়িতে এখন সম্পর্ক, বন্ধুত্ব, কৌশল এবং ফাইনালে পৌঁছনোর লড়াই একসঙ্গে চলছে। শেষ পর্যন্ত জীতু কামাল কি টিকিট টু ফিনালে জিতে সরাসরি ফাইনালে পৌঁছবেন, নাকি অন্য কেউ ছিনিয়ে নেবেন সেই সুযোগ, সেটাই এখন দেখার।
