বিগ বস বাংলার ঘরে জীতু কামাল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। কখনও ভালোবাসার প্রস্তাব, কখনও অভিমান, আবার কখনও সৃজলার অন্য প্রতিযোগীদের সঙ্গে মেলামেশা নিয়ে জীতুর আপত্তি, সব মিলিয়ে দর্শকদের একাংশের বিরক্তির কারণ হয়ে উঠেছে অভিনেতার আচরণ। সম্প্রতি সৃজলার কাছ থেকে নিজের ভালোবাসার স্বীকারোক্তির প্রত্যুত্তর পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, রাগের মুহূর্তে বাড়ির কাচে মাথা ঠুকে ভেঙে ফেলা, পরক্ষণেই নিজের বাইরের ভাবমূর্তি নিয়ে চিন্তিত হয়ে কান্নায় ভেঙে পড়া, এমন নানা আচরণও দর্শকদের নজর কেড়েছে। তাঁদের একাংশের বক্তব্য, এক মুহূর্তে প্রবল রাগ দেখানো, আবার পরক্ষণেই আবেগপ্রবণ হয়ে পড়া এবং তার পরেই সৃজলার কাছ থেকে ভালোবাসার উত্তর চাওয়া, পুরো বিষয়টি বেশ অস্বস্তিকর। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় জীতুকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন দর্শকরা। তাঁদের প্রশ্ন, সৃজলার কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না পেয়েও কেন বারবার একই প্রত্যাশা করছেন অভিনেতা?
দর্শকদের একাংশের মতে, প্রেমের প্রস্তাব দেওয়া ব্যক্তিগত অনুভূতির বিষয় হলেও তার উত্তর দেওয়ার জন্য কাউকে বারবার চাপ দেওয়া উচিত নয়। বিশেষ করে যখন উল্টোদিকের মানুষটির কাছ থেকে সেই আবেগের সমান প্রতিফলন পাওয়া যাচ্ছে না। তাঁদের বক্তব্য, জিতু একজন পরিণত বয়সের মানুষ এবং জীবনের নানা অভিজ্ঞতা তাঁর রয়েছে। তাই স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মতো প্রেমের আবেগে বারবার একই কথা বলা বা প্রত্যুত্তরের জন্য ব্যাকুল হয়ে পড়া তাঁর কাছ থেকে প্রত্যাশিত নয়। কেউ কেউ সৃজলার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের ধারণা, সৃজলা হয়তো নিজের খেলার সুবিধার কথা ভেবেই জীতুকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন না, আবার তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনও পরিষ্কার সম্মতিও দিচ্ছেন না। তবে দর্শকদের বক্তব্য, সৃজলার অবস্থান যা-ই হোক, জীতুরও নিজের আত্মসম্মান বজায় রাখা প্রয়োজন। বারবার ভালোবাসার কথা জানিয়ে প্রত্যুত্তর আদায়ের চেষ্টা না করে নিজের খেলায় মন দেওয়া উচিত তাঁর। বরং নিজের আচরণের কারণেই বাইরে তাঁর ভাবমূর্তি আরও নেতিবাচক হয়ে উঠছে বলে মনে করছেন দর্শকদের একাংশ।
সাম্প্রতিক পর্বে জিতুর আচরণ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দর্শকদের একাংশের দাবি, সৃজলার কাছ থেকে ভালোবাসার প্রস্তাবের ইতিবাচক উত্তর না পেয়েও অভিনেতা যেভাবে তাঁর আশপাশে ঘুরছেন, তা মোটেই স্বাভাবিক বা স্বস্তিদায়ক লাগছে না। গোটা পর্বে তাঁদের মধ্যে এমন এক ঘনিষ্ঠতা দেখা গিয়েছে, যেন দু’জনের মধ্যে আগে থেকেই কোনও প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে। এমনকী নিজের হাতে সৃজলাকে খাবার তুলে দেওয়ার ঘটনাটিও অনেকের চোখে অস্বস্তিকর লেগেছে। তাঁদের বক্তব্য, সৃজলা যদি নিজের অনুভূতি নিয়ে নিশ্চিত না হন, তাহলে জীতুরও উচিত সেই বিষয়টিকে সম্মান করা। অন্যদিকে, সৃজলা কেন নিরঞ্জনকে খাইয়ে দিলেন, কেন রাজবীরের সঙ্গে কথা বললেন, তা নিয়েও জীতুর আপত্তি দেখতে পাচ্ছেন দর্শকরা। দুর্নিবারকে নিয়েও বারবার ‘তোমার বন্ধু’ বলে সৃজলার সঙ্গে কথা বলার বিষয়টি নিয়েও বিরক্তি প্রকাশ করছেন অনেকে। তাঁদের প্রশ্ন, সৃজলা কার সঙ্গে কথা বলবেন, কাকে খাবার খাওয়াবেন কিংবা কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি তাঁর নিজের নয়? একজন প্রতিযোগীর ব্যক্তিগত স্বাধীনতায় এভাবে বারবার হস্তক্ষেপ করা কতটা যুক্তিসংগত, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
এই প্রসঙ্গেই দর্শকদের একাংশের মনে পড়ছে বিগ বসের আর এক প্রাক্তন প্রতিযোগী নন্দিনী দত্তের কথা। তাঁদের মতে, নন্দিনীও একসময় বাড়ির ভিতরে নিজের কাছের মানুষকে নিয়ে যথেষ্ট অধিকারবোধ দেখিয়েছিলেন। সৃজলা কেন নিরঞ্জনকে খাওয়ালেন, কেন রাজবীরের সঙ্গে কথা বললেন কিংবা দুর্নিবারকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে নন্দিনীর আচরণেও একসময় প্রশ্ন উঠেছিল। তবে দর্শকদের একাংশের বক্তব্য, নন্দিনীর ক্ষেত্রে অন্তত একটি প্রতিষ্ঠিত সম্পর্কের সমীকরণ ছিল। কিন্তু জীতু ও সৃজলার মধ্যে তো তেমন কোনও স্বীকৃত সম্পর্ক নেই। তাহলে সৃজলার উপর এতটা অধিকার দেখানোর কারণ কী? তাঁদের মতে, নন্দিনীর সঙ্গে জীতুর আচরণের কিছু মিল থাকলেও পরিস্থিতি এক নয়। একজন নিজের সম্পর্কের জায়গা থেকে অধিকারবোধ দেখিয়েছিলেন, অন্যদিকে জীতু এখনও সৃজলার কাছ থেকে ভালোবাসার স্বীকৃতিই পাননি। তাই এই অবস্থায় তাঁর এমন আচরণ আরও বেশি প্রশ্ন তৈরি করছে। দর্শকদের একাংশের কটাক্ষ, জীতু যেন বিগ বসের বাড়িতে দ্বিতীয় নন্দিনী হয়ে উঠছেন। সৃজলার অন্যদের সঙ্গে মেলামেশা নিয়ে তাঁর অতিরিক্ত আপত্তি এবং বারবার নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টা নিয়েই এই তুলনা করছেন তাঁরা।
এদিকে জীতুর নিজের আচরণ নিয়ে যে আলোচনা হচ্ছে, তার দায় অন্য প্রতিযোগীদের উপর চাপাতে নারাজ দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, রাজবীর, নিরঞ্জন কিংবা বাড়ির অন্য সদস্যরা জীতু ও সৃজলাকে নিয়ে কী বলছেন, তার জন্য অভিনেতার ভাবমূর্তি খারাপ হচ্ছে না। বরং তিনি নিজে যেভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তাতেই দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। বিশেষ করে নিজের রাগ সামলাতে না পেরে কাচে মাথা ঠোকা, তারপর কান্নাকাটি এবং আবার কিছুক্ষণের মধ্যেই সৃজলার কাছ থেকে ভালোবাসার উত্তর চাওয়ার মতো আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। একজন দর্শকের বক্তব্য, বাইরে তাঁর ভাবমূর্তি কেমন হচ্ছে, সেই চিন্তায় এতটা ব্যস্ত না হয়ে নিজের আচরণের দিকে নজর দেওয়া উচিত জীতুর। বিগ বস একটি খেলার মঞ্চ। সেখানে শুধু আবেগ নয়, নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। অথচ ভালোবাসার প্রস্তাবকে কেন্দ্র করে বারবার একই পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁর খেলার দিকটিও আড়ালে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ টিকিট টু ফিনালের লড়াইয়ে জীতুর বড় জয়! প্রতিকূলতা পেরিয়ে সরাসরি ফাইনালে অভিনেতা, রাজবীর-দুর্নিবারদের পরিকল্পনা ভেস্তে কী বিগ বসের ট্রফি উঠবে তাঁরই হাতে?
সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে জীতু ও সৃজলার সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে সৃজলার আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ, অন্যদিকে জীতুর বারবার ভালোবাসার প্রত্যুত্তর চাওয়া এবং তাঁর মেলামেশার উপর আপত্তি জানানোকে ভালোভাবে নিচ্ছেন না অধিকাংশ সমালোচক। তাঁদের বক্তব্য, সৃজলা নিজের খেলার স্বার্থে জীতুর আবেগকে কাজে লাগাচ্ছেন কি না, সেটা আলাদা বিতর্ক। কিন্তু সেই কারণে জীতুরও নিজের সীমারেখা ভুলে যাওয়া উচিত নয়। বারবার প্রত্যাখ্যানের পরেও একই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়া তাঁর ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কেউ কেউ তো সরাসরি অভিনেতাকে নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন। তবে এই ধরনের মন্তব্যের ভিত্তিতে কারও মানসিক অসুস্থতা নির্ধারণ করা যায় না। দর্শকদের মূল আপত্তি তাঁর আচরণ এবং সম্পর্কের ক্ষেত্রে অন্যের সিদ্ধান্তকে সম্মান করার প্রশ্নে। তাই এখন প্রশ্ন একটাই, জীতু কি নিজের আচরণে বদল আনবেন, নাকি সৃজলাকে ঘিরে এই আবেগ, অভিমান ও অধিকারবোধের পর্ব বিগ বসের বাড়িতে আরও দীর্ঘ হবে?
