‘রাজবীরকেই কেন বারবার নিশানা করা হচ্ছে?’ ‘বিগ বস নয়, এবার থেকে দিদি নম্বর ১-এর ফরম্যাটে শো করুন!’ বিগ বস বাংলা ও স্টার জলসার বিরুদ্ধে ক্ষো’ভ উগরে রাজবীরের পাশে শ্রীলেখা মিত্র! সৌরভের ভূমিকা নিয়েও তুললেন প্রশ্ন?

বিগ বস বাংলার ঘরে রাজবীর দে-কে কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই থামছে না। প্রতিযোগীদের সঙ্গে তাঁর একের পর এক বিবাদ, বিশেষ করে জিতু কমল ও সৃজলা গুহকে ঘিরে সাম্প্রতিক ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে শোয়ের পরিবেশ। গত পর্বে জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে যে আলোচনা হয়, তা থেকেই নতুন করে বিতর্কের সূত্রপাত। সৃজলার গলায় একটি দাগ দেখে রাজবীরের মনে সন্দেহ তৈরি হয়। সেই বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিষয়টি সৃজলার কানে পৌঁছতেই তিনি রেগে গিয়ে রাজবীরের মুখোমুখি হন। এমনকী তাঁকে উদ্দেশ্য করে ‘মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব’ বলেও হুমকি দেন। পাশাপাশি রাজবীরের মন্তব্য ও মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনার পর বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যেও শুরু হয় আলোচনা এবং মতবিরোধ।

তবে এই ঘটনায় শুধু রাজবীরকে দায়ী করা নিয়েই প্রশ্ন উঠছে দর্শকদের একাংশের মধ্যে। তাঁদের বক্তব্য, জিতু ও সৃজলাকে নিয়ে আলোচনার সময় বাড়ির একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং অনেকেই সেই গসিপে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বিতর্ক তৈরি হতেই কেন শুধু রাজবীরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এই পরিস্থিতিতে এবার সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে রাজবীরের সমর্থনে একটি পোস্ট করে বিগ বস বাংলা এবং স্টার জলসার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজবীরকে বারবার নিশানা করা হচ্ছে এবং শোয়ের নির্মাতাদের আচরণে তিনি অত্যন্ত হতাশ। শুধু তাই নয়, এই ধরনের অনুষ্ঠান চালানোর পরিবর্তে স্টার জলসাকে অন্য ধরনের অনুষ্ঠান সম্প্রচারের পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই পোস্ট সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে।

শ্রীলেখা তাঁর পোস্টে লিখেছেন, “বিগ বস, স্টার জলসা, তোমরা আমাদের ভীষণ হতাশ করেছ। রাজবীরকেই বারবার নিশানা করা হচ্ছে কেন? এরপর থেকে বিগ বসের নাম না দিয়ে দিদি নম্বর ১-এর ফরম্যাটে অনুষ্ঠান করো। এসব কি ইচ্ছাকৃতভাবে করছ? লজ্জাজনক, অন্ধ এবং পক্ষপাতদুষ্ট!” এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আরও লিখেছেন, “এই ব্যবস্থা কীভাবে কাজ করে, তা আমি খুব ভালো করেই জানি। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাকেও মূল্য চোকাতে হয়েছে। এই সবকিছু দেখে আমি অত্যন্ত বিরক্ত ও হতাশ।” অর্থাৎ শ্রীলেখার অভিযোগ, বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে। তাঁর মতে, একজন প্রতিযোগীকে বারবার নিশানা করার বিষয়টি উপেক্ষা করা যায় না। শোয়ের নির্মাতা এবং সম্প্রচারকারী চ্যানেলের কাছেও নিজের অসন্তোষ স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

এর আগেও রাজবীরের পাশে দাঁড়িয়ে একাধিকবার নিজের মতামত প্রকাশ করেছিলেন শ্রীলেখা। তাঁর বক্তব্য ছিল, প্রথম দিন থেকেই বাড়ির বেশিরভাগ সদস্যের কাছ থেকে রাজবীরকে বিরূপ আচরণের মুখে পড়তে হয়েছে। নন্দিনীকে বাদ দিলে বাড়ির অন্যদের সঙ্গে রাজবীরের সমীকরণ যে খুব একটা ভালো নয়, সেটাও তুলে ধরেছিলেন অভিনেত্রী। একসঙ্গে অনেকজন যদি কাউকে নিয়মিত অসম্মান করেন, খোঁটা দেন কিংবা একঘরে করে রাখেন, তাহলে তাঁর কাছ থেকে সবসময় শান্ত ও সংযত আচরণ আশা করা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। তবে রাজবীরের সমস্ত কাজকে সমর্থন করেন না শ্রীলেখা। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির মানুষদের ‘পুকুরের মাছ’ বলার মন্তব্যটি তিনি একেবারেই সমর্থন করেননি। কিন্তু তাঁর মতে, রাজবীরের ভুলগুলির পাশাপাশি তাঁর সঙ্গে অন্যদের আচরণও বিচার করা প্রয়োজন। রাজবীরের খাবার নিয়ে মন্তব্য করা, তাঁকে অপমান করা এবং বারবার কোণঠাসা করার মতো ঘটনাও তাঁর নজরে এসেছে বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

সব মিলিয়ে শ্রীলেখা মিত্রের নতুন পোস্ট ঘিরে বিগ বস বাংলাকে নিয়ে বিতর্ক আরও বেড়েছে। একদিকে রাজবীরের আচরণ নিয়ে বাড়ির সদস্যদের অভিযোগ, অন্যদিকে তাঁর পাশে দাঁড়িয়ে শ্রীলেখার মতো অভিনেত্রীর প্রকাশ্য প্রতিবাদ, সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে শুধু রাজবীরের ভুলগুলি সামনে আসছে কি না এবং অন্য প্রতিযোগীদের ভূমিকা যথাযথভাবে বিচার করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শ্রীলেখার বক্তব্য, বিগ বসের মতো অনুষ্ঠানে যদি প্রতিযোগীদের প্রতি নিরপেক্ষ আচরণ না থাকে, তাহলে সেই অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা এবং রাজবীরের প্রতি তাঁর আচরণ নিয়েও দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার সরাসরি স্টার জলসা ও বিগ বসকে নিশানা করলেন শ্রীলেখা। অভিনেত্রীর এই কড়া পোস্টের পর শোয়ের নির্মাতা বা চ্যানেলের তরফে কোনও প্রতিক্রিয়া আসে কি না, সেদিকেই নজর দর্শকদের।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page