‘বিগ বস বাংলা’-র ঘরে এখন খেলার পাশাপাশি সবচেয়ে বেশি চর্চা হচ্ছে প্রেমের সমীকরণ নিয়ে। একদিকে জীতু কমল ও সৃজলা গুহের সম্পর্ক, অন্যদিকে রাজবীর দে ও নন্দিনীর ঘনিষ্ঠতা, দুই জুটিকে নিয়েই দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। কারও চোখে এগুলি নিছক বন্ধুত্ব, আবার কারও মতে, এর পিছনে রয়েছে প্রেমের অনুভূতি। তবে এই সম্পর্কগুলি কতটা সত্যি, আর কতটাই বা খেলার কৌশল, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। এরই মধ্যে বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রণিতা দাস। বাইরে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাঁকে। আর সেখানেই ঘরের দুই চর্চিত জুটির সম্পর্ক নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী। তাঁর কথায়, এখনই কোনও সম্পর্কের সত্যতা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। আগামী ৬ তারিখের পরেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
পুজোর আগে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন রণিতা। শুরুতে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক তৈরি, সব মিলিয়ে তাঁর যাত্রাপথে ছিল নানা অভিজ্ঞতা। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারলেন না তিনি। ঘর থেকে বেরিয়ে বিমানবন্দরে পৌঁছতেই সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। কারণ নন্দিনী আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার পরেও তিনি এবং ঘরের ভিতরে থাকা রাজবীর দু’জনেই নিজেদের প্রেমের সম্পর্কের কথা জানিয়েছেন। তাহলে কি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও তাঁদের সম্পর্ক একই রকম থাকবে? এই প্রশ্ন শুনে হেসে ফেলেন রণিতা। সরাসরি কোনও সিদ্ধান্ত না জানিয়ে তিনি বলেন, ঘরের ভিতরে যে প্রেমের সম্পর্কগুলি তৈরি হয়েছে, সেগুলি সত্যি না মিথ্যে, তা তিনি নিজেও এখনও বুঝে উঠতে পারেননি।
রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলেই রণিতা বলেন, আগামী ৬ তারিখ শো শেষ হওয়ার পর যদি ‘জয় মা’ বলে সম্পর্কগুলি টিকে যায়, তাহলে তো খুব ভালো। আর যদি না টেকে, তাহলে সবাই নিজেরাই বুঝে যাবেন। অর্থাৎ বিগ বসের ঘরের বাইরে বেরিয়ে বাস্তব জীবনে এই সম্পর্কগুলির ভবিষ্যৎ কী হয়, সেটাই তাঁর কাছে আসল পরীক্ষা। নন্দিনী এখন আর প্রতিযোগী নন, কিন্তু রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। বরং শোয়ের প্রতিটি নতুন পর্বে রাজবীরের আচরণ এবং নন্দিনীকে ঘিরে তাঁর মন্তব্য দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। রণিতার বক্তব্যে স্পষ্ট, এই মুহূর্তে কাউকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করতে চান না তিনি। বরং সময়ের উপরেই ছেড়ে দিতে চান সবটা।
অন্যদিকে জীতু কমল ও সৃজলা গুহের সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় রণিতাকে। বিগ বসের বাড়িতে জীতু একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। কখনও চিঠি লিখে, কখনও আবার সরাসরি নিজের অনুভূতির কথা জানিয়ে সৃজলার কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন অভিনেতা। কিন্তু সৃজলা একবার তাঁর প্রস্তাবে সম্মতি জানাননি। যদিও তাঁদের বন্ধুত্বে তার কোনও বড় প্রভাব পড়েনি। বরং দু’জনকে একে অপরের পাশে থাকতে দেখা গিয়েছে বারবার। এই প্রসঙ্গে রণিতার বক্তব্য, তিনি জীতু ও সৃজলার মধ্যে মূলত ভালো বন্ধুত্বই দেখেছেন। জীতু এগিয়ে এসে নিজের অনুভূতির কথা জানিয়েছেন, কিন্তু সৃজলা সেই প্রস্তাবে রাজি হননি, রবিবার পর্যন্ত তাঁর জানা ছিল এটুকুই। তাই তাঁদের সম্পর্ককে প্রেমের তকমা দিতে নারাজ অভিনেত্রী।
আরও পড়ুনঃ আক্রা’ন্ত বিরল স্নায়ু রো’গে! অসু’স্থতার সঙ্গে লড়াই করেই ফের গানের জগতে ফিরছেন অলকা ইয়াগনিক! কোন সিনেমায় গান গাইবেন কিংবদন্তি এই গায়িকা?
সব মিলিয়ে বিগ বসের ঘরের দুই চর্চিত জুটিকে নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না রণিতা। তাঁর মতে, শো চলাকালীন তৈরি হওয়া সম্পর্কের আসল পরীক্ষা হবে প্রতিযোগিতা শেষ হওয়ার পর। ক্যামেরা, টাস্ক, প্রতিযোগিতার চাপ এবং দর্শকদের নজর থেকে বেরিয়ে এসে যদি সম্পর্কগুলি একইভাবে টিকে থাকে, তবেই বোঝা যাবে সেগুলি কতটা গভীর। আগামী ৬ তারিখ শো শেষ হওয়ার পর নতুন বছরেও যদি জীতু-সৃজলা কিংবা রাজবীর-নন্দিনীর সমীকরণ একই থাকে, তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই মিলবে। আপাতত রণিতার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। এখন দেখার, বিগ বসের ঘরের বাইরে বেরিয়ে কোন সম্পর্ক সত্যিই টিকে থাকে আর কোনটি শুধুই প্রতিযোগিতার দিনগুলির স্মৃতি হয়ে থেকে যায়।
