‘সাধক বামাক্ষ্যাপা’ বন্ধ করা যাবে না, প্রাইম টাইমেই চালাতে হবে! নিয়ম না মানলে বাতিল হতে পারে হলের লাইসেন্স, বাংলা ছবির স্বার্থে আরও একাধিক বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?

বাংলা ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে ফের বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল টলিউডে। সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও আগামী ২৭ নভেম্বর একটি হিন্দি ছবি মুক্তি পাওয়ায় একাধিক হল ও মাল্টিপ্লেক্সে এর শো কমিয়ে দেওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ছবিটির প্রযোজনা সংস্থা এসভিএফ পুরোপুরি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানায়। বাংলা ছবির প্রতি এই ধরনের আচরণ নিয়ে সরব হন টলিউডের একাংশ। এরপরেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের হল মালিক, প্রদর্শক, প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রেক্ষাগৃহে চালাতেই হবে। প্রযোজক যে প্রেক্ষাগৃহে ছবিটি চালাতে চাইবেন, সেই হল মালিকদের প্রাইম টাইমে ছবিটির শো রাখতে হবে। উল্লেখ্য, বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা ছবির অন্তত একটি শো রাখা বাধ্যতামূলক করার নিয়ম আগে থেকেই ছিল। তবে মাঝের সময়ে সেই নিয়ম কিছুটা শিথিল হয়ে পড়েছিল বলে অভিযোগ। এ দিনের বৈঠকে জানানো হয়েছে, এবার থেকে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। কোনও হল মালিক নিয়ম অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি, প্রয়োজন হলে প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, রাজ্যে বাংলা ছবির প্রদর্শনের সুযোগ বাড়াতেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দেড় বছরের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে ৫১টি নতুন প্রেক্ষাগৃহ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রাজ্যে মোট ৫০০টি সিঙ্গল স্ক্রিন তৈরির লক্ষ্যও স্থির করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি কোনও বেসরকারি সংস্থা বা ব্যক্তি নতুন প্রেক্ষাগৃহ তৈরি করতে চাইলে তাঁদেরও স্বাগত জানানো হয়েছে। অর্থাৎ বাংলা ছবির জন্য আরও বেশি পর্দা এবং নিয়মিত প্রদর্শনের সুযোগ তৈরি করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। দীর্ঘদিন ধরেই বাংলা ছবির নির্মাতাদের অভিযোগ, বড় বাজেটের হিন্দি ছবির কারণে নিজেদের রাজ্যেই বাংলা ছবির প্রাইম টাইমের শো কমে যাচ্ছে। অনেক সময় মুক্তির দ্বিতীয় সপ্তাহের আগেই ছবি হল থেকে সরিয়ে নেওয়া হয়, আবার কোথাও খুব কম সংখ্যক শো দেওয়া হয়।

এ দিনের বৈঠকে হল মালিক ও প্রদর্শকদের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, আগামী তিন মাস কলকাতা পুলিশের তরফে একটি সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষায় হল মালিক ও প্রদর্শকদের ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যিই ক্ষতি হয়ে থাকলে, সেই পরিস্থিতিতে সরকার ভর্তুকি দিতে পারে কি না, অথবা প্রযোজকেরা কিছুটা আর্থিক দায়িত্ব নিতে পারেন কি না, তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, বাংলা চলচ্চিত্রের উন্নতির জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত নেবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল। মিঠুন ও প্রসেনজিৎ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

বৈঠকের পর প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, এই আলোচনার পর বাংলা সিনেমা নতুন করে প্রাণ ফিরে পেল এবং এর সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উল্লেখ্য, বাংলা ছবির প্রাইম টাইমের শো নিয়ে এর আগেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালের অগস্ট মাসেও এই সমস্যা নিয়ে সরব হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়-সহ বাংলা চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব। তাঁরা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে রাজ্যের তরফে প্রতিটি প্রেক্ষাগৃহ এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরের ৩৬৫ দিন অন্তত একটি করে বাংলা ছবি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নিয়ম কার্যকর করার বিষয়ে আরও কড়া অবস্থান নেওয়া হল।

Piya Chanda

                 

You cannot copy content of this page