‘দু’বছরও টিকবে না সম্পর্ক!’ সৃজলার প্রেমের ভবিষ্যৎ নিয়ে জীতুর মন্তব্য, অভিনেতা চলে যেতেই ফিসফিস করে ‘আই লাভ ইউ’ বললেন সৃজলা! কার উদ্দেশে এই স্বীকারোক্তি?

বিগ বস বাংলার ঘরে জিতু কমল ও সৃজলা গুহকে ঘিরে সম্পর্কের সমীকরণ প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। কখনও দুজনের মধ্যে ঝগড়া, কখনও মান-অভিমান, আবার কখনও জিতুর প্রেমের প্রস্তাব, সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে, যা নতুন করে জল্পনা তৈরি করেছে। জিতু সৃজলার কাছে বারবার নিজের অনুভূতির কথা জানতে চাইলেও অভিনেত্রী সেভাবে কোনও উত্তর দেননি। কিন্তু জিতু সেখান থেকে উঠে চলে যেতেই সৃজলাকে ফিসফিস করে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায়। তাঁর এই কথার অর্থ কী, কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অন্যদিকে, গভীর রাতে সৃজলার বর্তমান সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন জিতু। সব মিলিয়ে বিগ বসের ঘরে তাঁদের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

ঘটনার কিছুক্ষণ আগেই জিতুকে সৃজলার হাত ধরে নিজের মনের কথা জানতে চাইতে দেখা যায়। আঙুলে আঙুল জড়িয়ে অভিনেত্রীর কাছে বারবার উত্তর চেয়ে বসেন তিনি। কিন্তু জিতুর সামনে নিজের অনুভূতি নিয়ে মুখ খোলেননি সৃজলা। কোনও স্পষ্ট উত্তর না দিয়ে চুপ করে থাকেন অভিনেত্রী। তবে জিতু সেখান থেকে চলে যেতেই পরিস্থিতি বদলে যায়। একা থাকা অবস্থায় সৃজলাকে আস্তে করে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায়। কিন্তু এই কথাটি কি জিতুর উদ্দেশেই বললেন তিনি, নাকি তাঁর বর্তমান প্রেমিকের কথা মনে করেই এমন মন্তব্য? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। সৃজলার এই আচরণ ঘিরে দর্শকদের মধ্যেও নানা মত তৈরি হয়েছে। কেউ মনে করছেন, জিতুর প্রতি তাঁর মনে বিশেষ অনুভূতি তৈরি হয়েছে, আবার কারও মতে, এই মন্তব্যের সঙ্গে জিতুর কোনও সম্পর্ক নেই। ফলে অভিনেত্রীর মুখে শোনা এই তিনটি শব্দ ঘিরেই এখন নতুন করে রহস্য তৈরি হয়েছে।

এই ঘটনার পর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ দুজনের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়। সৃজলার বর্তমান সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করেন জিতু। তিনি জানতে চান, সৃজলা কি তাঁর বর্তমান সঙ্গীর সঙ্গে সারাজীবন থাকতে পারবেন? উত্তরে সৃজলা জানান, সেটাই তাঁর কাছে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে হয়। অভিনেত্রীর যুক্তি, জীবনে শুধু নিজের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাঁর কাঁধে অনেক দায়িত্ব রয়েছে এবং অতীতের নানা পরিস্থিতিও তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই কোনও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় সমস্ত দিক বিবেচনা করেই এগোতে চান তিনি। কিন্তু সৃজলার এই যুক্তির সঙ্গে একমত নন জিতু। তাঁর মতে, সৃজলা অত্যন্ত স্বাধীনচেতা এবং নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন। সেই কারণে অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা তাঁর পক্ষে কঠিন হতে পারে বলেই মনে করেন অভিনেতা।

জিতুর কথায়, সৃজলা হয়তো দু’বছর ধরে কোনও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন। অভিনেতা নিজের এই ধারণার পিছনে সৃজলার স্বভাব ও মানসিকতার কথাও তুলে ধরেন। সৃজলার চোট পাওয়ার পর তাঁর বর্তমান সঙ্গীর একটি ভিডিয়ো দেখেছিলেন বলেও জানান জিতু। সেই ভিডিয়ো দেখে তাঁর মনে হয়েছিল, ওই ব্যক্তির চোখে সৃজলার জন্য কোনও আবেগ নেই। যদিও এটি সম্পূর্ণ জিতুর ব্যক্তিগত পর্যবেক্ষণ। তিনি আরও জানান, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে জীবনে প্রতিদিন অশান্তি তৈরি হতে পারে বলেও সৃজলাকে সতর্ক করেন অভিনেতা। তাঁর মতে, সৃজলার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে এমন একজন মানুষ প্রয়োজন, যিনি মানসিকভাবে পরিণত এবং পরিস্থিতি বুঝে মানিয়ে নিতে পারবেন। নিজের স্বভাব বদলে সৃজলার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও জানান জিতু।

কথোপকথনের শেষ দিকে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন জিতু। তাঁর মতে, কোনও সম্পর্ক একতরফা চেষ্টায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুজনেরই সমানভাবে চেষ্টা করা প্রয়োজন। নিজের বক্তব্য বোঝাতে ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন, “আমি একা ব্যাট করলে তো হবে না, তোমাকেও বল করতে হবে, খেলতে হবে। দেখা যাক।” অর্থাৎ, শুধু একজনের চেষ্টায় সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়, দুজনেরই দায়িত্ব রয়েছে। পাশাপাশি ফাইনালের পর তাঁদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দেন অভিনেতা। বিগ বসের ঘরে আর মাত্র ১২ দিন বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফলে শো শেষ হওয়ার পর জিতু ও সৃজলার সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তাঁদের কথোপকথনে যেমন একদিকে ভালোবাসার প্রকাশ রয়েছে, তেমনই অন্যদিকে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও স্পষ্ট।

এদিকে জিতু চলে যাওয়ার পর সৃজলার মুখে শোনা ‘আই লাভ ইউ’ কথাটি নতুন করে সমস্ত আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অভিনেত্রী ঠিক কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। জিতুর প্রতি তাঁর অনুভূতি বদলেছে কি না, নাকি বর্তমান সম্পর্কের কথাই মনে করে এমন মন্তব্য করেছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা চলছে। অন্যদিকে, সৃজলার সম্পর্ক দু’বছরের বেশি টিকবে না বলে জিতুর মন্তব্যও যথেষ্ট নজর কেড়েছে। একদিকে সৃজলার নীরবতা, অন্যদিকে জিতুর সম্পর্ক নিয়ে ভবিষ্যদ্বাণী, সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে তাঁদের সম্পর্কের গল্প যেন আরও জটিল হয়ে উঠছে। আগামী দিনে সৃজলা নিজের অনুভূতি নিয়ে মুখ খোলেন কি না এবং ফাইনালের পর তাঁদের সম্পর্কের সমীকরণ কী দাঁড়ায়, এখন সেটাই দেখার।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page