নাক থেকে কপাল পর্যন্ত লম্বা করে সিঁদুরের দৈর্ঘ্যের সঙ্গে স্বামীর যৌ*নাঙ্গের তুলনা! ছটপুজোর রীতিকে নিয়ে অ’শালীন রসিকতা ও কটূক্তি, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের! মহিলাদের রোষের মুখে ক্ষমা চেয়েও বিতর্ক থামাতে পারলেন না? ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িত বিশ্বাস নিয়ে ঠাট্টা করায় কী শাস্তি?

বাবা-মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে একসময় সমালোচনার মুখে পড়েছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছটপুজো ও বিহারের মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন স্ট্যান্ড আপ কমেডিয়ান যশ মাহেশ্বরী। তাঁর একটি কমেডি শোয়ের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিযোগ, অনুষ্ঠানে বিহারের বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। ছটপুজোর সময় অনেক মহিলা নাক থেকে কপাল পর্যন্ত লম্বা করে সিঁদুর পরেন। সেই প্রথাকে কেন্দ্র করেই আপত্তিকর যৌ*ন ইঙ্গিতপূর্ণ রসিকতা করেন যশ। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বহু মানুষ। বিহারের মহিলাদের সম্মান এবং ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িত বিশ্বাসকে এভাবে ঠাট্টার বিষয় করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক বাড়তেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে।

যশের বিতর্কিত ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিহারের কিছু মহিলা নাক থেকে কপাল পর্যন্ত লম্বা করে সিঁদুর পরেন। এরপর সেই সিঁদুরের দৈর্ঘ্যের সঙ্গে স্বামীর যৌ*নাঙ্গের তুলনা টেনে কুরুচিকর মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, এত লম্বা সিঁদুর পরার পিছনে স্বামীদের যৌনাঙ্গের আকারের কোনও ভাবনা রয়েছে কি না। পাশাপাশি ওই মহিলাদের স্বামীদের নিয়েও অসম্মানজনক কথা বলেন কমেডিয়ান। শুধু সিঁদুরের প্রসঙ্গেই থেমে থাকেননি তিনি। নিজের অনুষ্ঠানে এমন একটি পরিস্থিতির কথা তুলে ধরেন, যেখানে তিনি কোনও বিহারি মহিলাকে বিয়ে করলে তাঁর সিঁদুর পরা নিয়ে কী প্রতিক্রিয়া জানাবেন, সেই প্রসঙ্গেও অশালীন ইঙ্গিত করেন। স্ত্রী যদি বলেন স্বামীর দীর্ঘায়ু কামনা করেই তিনি এত লম্বা সিঁদুর পরেছেন, তাহলে তাঁর পালটা বক্তব্য কী হবে, তা নিয়েও আপত্তিকর রসিকতা করেন যশ। তাঁর এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় ক্ষোভ বাড়তে থাকে। অনেকেই মনে করছেন, হাসির নামে মহিলাদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সম্মানকে অপমান করা হয়েছে।

এর পাশাপাশি বিহারের মহিলাদের নিয়ে আরও একটি মন্তব্য করেন যশ, যা বিতর্ককে আরও বাড়িয়ে দেয়। তাঁর বক্তব্যে হরিয়ানার পুরুষদের সঙ্গে বিহারের মহিলাদের তুলনা টেনে এমন ইঙ্গিত দেওয়া হয়, যেন বিহারের মহিলারা মার খেতে পছন্দ করেন এবং হরিয়ানার পুরুষরা তাঁদের মারতে পছন্দ করেন। এই মন্তব্যের পর কমেডিয়ানকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়। তাঁর অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশকে হাসতে ও হাততালি দিতে দেখা গেলেও ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ এই রসিকতার বিরোধিতা করেন। তাঁদের মতে, কোনও রাজ্যের মহিলা বা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য করা হাস্যরসের মধ্যে পড়ে না। ছটপুজোর মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সঙ্গে জড়িত একটি প্রথাকে যৌন ইঙ্গিতের মাধ্যমে তুলে ধরাও অসম্মানজনক। এই ঘটনার প্রতিবাদে বিজেপি ও কংগ্রেসের নেতারাও সরব হয়েছেন। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেকেই যশের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিতর্ক বাড়তেই বিজেপি নেত্রী তথা সমাজকর্মী ঋতু জয়সওয়াল যশ মাহেশ্বরীর বিরুদ্ধে বিহারের প্রতিটি জেলায় এফআইআর দায়ের করার দাবি জানান। তাঁর বক্তব্য, ছটপুজো এবং এই উৎসব পালনকারী মহিলাদের নিয়ে অশালীন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি স্পষ্ট করেন, ছটের সঙ্গে জড়িত মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও পরিচয়কে অসম্মান করার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মতে, বিবাহিত মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলা এবং তাঁদের সিঁদুরকে ঠাট্টার বিষয় করা মহিলাদের সম্মানের উপর আঘাত। তিনি মনে করিয়ে দেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে দায়িত্বও জড়িত। সুপ্রিম কোর্টের আইনজীবী অমিতা সচদেবও যশের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর কথা জানিয়েছেন। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করলে আইনি পথে এগোনোর কথা জানিয়েছেন তিনি। বিহারের সাংবাদিক মুকেশ সিংও রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও পুলিশের কাছে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

সমালোচনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেন যশ মাহেশ্বরী। ভিডিওর ক্যাপশনে বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। যশ জানান, সম্প্রতি বিহারের সংস্কৃতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, কিন্তু সেই বিষয়টি ওইভাবে বলা উচিত হয়নি বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, তিনি কোনও ধর্মীয় বিশ্বাস, উৎসব বা কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মন্তব্য করেননি। তবে তাঁর কথাগুলি যেভাবে সামনে এসেছে, তার জন্য নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, “মेरा बिल्कुल भी ये इंटेंशन नहीं था कि किसी रिलिजियस सेंटीमेंट, या किसी फेस्टिवल को हर्ट करने का“। পাশাপাশি নিজের ভুলের দায় স্বীকার করে ভবিষ্যতে এমন ধরনের বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। যাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাঁদের কাছে ফের ক্ষমা চান এবং একই ভুল যাতে আর না হয়, সেদিকে নজর রাখবেন বলে জানান। তবে ক্ষমা চাওয়ার পরেও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এবং সমাজমাধ্যমে ক্ষোভ থামেনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page