দিন পনেরো আগে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নবনীতা দাসকে। খবর ছড়াতেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এখন অবশ্য অনেকটাই সুস্থ তিনি এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রীর খোঁজ নিতে গিয়েই সামনে এল তাঁর বর্তমান জীবনযাপনের ছবি। লাইট ক্যামেরা আর ব্যস্ত শুটিং ফ্লোর থেকে দূরে থেকেও তিনি বেশ শান্তিতেই দিন কাটাচ্ছেন।
অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করলেও দর্শকের মনে তাঁর বিশেষ পরিচয় তৈরি হয়েছিল সাধক বামাক্ষ্যাপা ধারাবাহিকের মা তারা চরিত্রে। আবার অর্ধাঙ্গিনী ধারাবাহিক তাঁর ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছোটপর্দার সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও এখনই অভিনয়ে ফেরার তাগিদ অনুভব করছেন না তিনি। বরং বর্তমান জীবনযাত্রার ধীর ছন্দ তাঁকে এক ধরনের মানসিক স্বস্তি দিচ্ছে।
একসময় টানা দীর্ঘ সময় শুটিং, ব্যস্ত সময়সূচি আর স্টুডিয়ো কেন্দ্রিক জীবন ছিল তাঁর প্রতিদিনের বাস্তবতা। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কখনও ইন্ডাস্ট্রির আড্ডা বা গসিপ সংস্কৃতির অংশ ছিলেন না। কাজ শেষ হলেই বাড়ি ফেরা ছিল তাঁর অভ্যাস। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব বা আড্ডা না থাকায় কোনও আফসোসও নেই। নিজের মতো করে একা সময় কাটানোই তাঁর কাছে এখন সবচেয়ে উপভোগ্য এবং শান্তির।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলেই এখনও অনেকেই তাঁর নাম জড়িয়ে ফেলেন জিতু কমল এর সঙ্গে। তবে অতীতের সেই সম্পর্ক নিয়ে আর কোনও আবেগ নেই অভিনেত্রীর। বিচ্ছেদের অনেকটা সময় পেরিয়ে গেছে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রাক্তন পরিচয়ে আটকে থাকতে চান না। জীবনের সেই অধ্যায় শেষ হয়ে গেছে, এখন তিনি সম্পূর্ণ নিজের মতো করে নতুন পথেই এগিয়ে চলেছেন।
আরও পড়ুনঃ শিবরাত্রিতে একে অপরের কপালে তিলক, ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়ে প্রেমের ইজহার আরিয়ান-রিখিয়ার! ‘ভিডিও বৌমা’র সেট থেকেই কি শুরু নতুন প্রেম? তাতেই কী ভাঙে নন্দিনী দত্তের সঙ্গে আরিয়ানের সম্পর্ক?
বর্তমানে অভিনয়ের বাইরেও নতুন কাজে মন দিয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু শহরে একটি আইটি অফিস শুরু করেছেন এবং সেখানকার কাজের সঙ্গেও যুক্ত আছেন। অভিনয়ে ফিরবেন না এমন নয়, তবে ভাল গল্প এবং পছন্দের চরিত্র না হলে আর কাজ করতে চান না। ছোটবেলা থেকেই কাজের মধ্যে ডুবে থাকা এই অভিনেত্রী এখন নিজের জন্য বাঁচতে শিখেছেন এবং সেই স্বাধীন জীবনেই খুঁজে পেয়েছেন সত্যিকারের আনন্দ।
