জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এতদিন ধরে গল্পে সবাই ভেবেছিল উজ্জ্বলা ওরফে উজি আর বেঁচে নেই। কিন্তু নতুন ঝলকে দেখা যায়, সে জীবিত এবং এবার ফিরে এসেছে নিজের ওপর হওয়া ষড়যন্ত্রের জবাব দিতে। বিশেষ করে সায়ন্তনের সামনে উজির প্রত্যাবর্তন এবং তার আগুনঝরা উপস্থিতি দর্শকদের নজর কেড়ে নিয়েছে। গল্পের মোড় যেমন বদলাতে চলেছে, তেমনই এই প্রোমোতে আরাত্রিকা মাইতির (Aratrika Maity) অভিনয়ও আলাদা করে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যে ভরে উঠেছে অনুরাগীদের পাতা।
প্রোমোতে দেখা যায়, মুখ ঢেকে এক রহস্যময়ী নারী আচমকাই সায়ন্তনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকে রথের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য আরও বাড়িয়ে দেয় রহস্য। কিছুক্ষণ পর মুখের কাপড় সরিয়ে প্রকাশ পায়, তিনি আর কেউ নন, উজ্জ্বলা ওরফে উজি। এই দৃশ্য দেখেই দর্শকদের একাংশের দাবি, উজির প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই এবার গল্পে একের পর এক গোপন সত্য সামনে আসবে। একই সঙ্গে এতদিন নিশার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আরাত্রিকা মাইতির অভিনয় নিয়ে।
সামাজিক মাধ্যমে একজন দর্শক লিখেছেন, “চোখ দিয়ে যেন আগুনের ঝর্ণা বয়ে যাচ্ছে। চমৎকার অভিনয়! পুরো প্রমো জুড়ে আমার চোখ ছিল শুধু উজির দিকেই! উফফ… কী তেজ! অগ্নিকন্যা বলে কথা, তেজ তো থাকবেই!” আরেকজনের মন্তব্য, “সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ওর চোখের চাহনি…একদম আগুন ঝরছিল! সত্যিই, পুরো সিংহী লাগছিল ওকে।” উজির চোখের অভিব্যক্তি এবং পর্দায় তাঁর উপস্থিতি যে দর্শকদের গভীরভাবে প্রভাবিত করেছে, সেই কথাই বারবার উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়ায়।
আরও এক অনুরাগী লিখেছেন, “পরিচালক যেভাবে উজিকে দর্শকদের সামনে তুলে ধরছেন, সেটা দেখতে দারুণ লাগছে। এমন শক্তিশালী পর্দা উপস্থিতিই এই চরিত্রকে আরও আলাদা করে তুলছে। আর আরাত্রিকা দি যে নিজের সেরাটা দিচ্ছে, সেটা প্রতিটা দৃশ্যেই স্পষ্ট।” এই মন্তব্যগুলিই স্পষ্ট করে দিচ্ছে, শুধু গল্পের নতুন মোড় নয়, চরিত্র উপস্থাপনা এবং অভিনয়ের কারণেও ধারাবাহিকটি দর্শকদের কাছে নতুন করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে উজির প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।
আরও পড়ুনঃ রথের দিনই বড় ঘোষণা! ‘রান্নাঘর’-এর পর এবার একেবারে নতুন ভূমিকায় সুদীপা চট্টোপাধ্যায়, কী নিয়ে ফিরছেন জনপ্রিয় সঞ্চালিকা?
উল্টো রথের বিশেষ পর্বে উজি ফিরে আসার পর সায়ন্তনের আসল ভূমিকা কতটা সামনে আসে, সেই দিকেই এখন নজর দর্শকদের। নিশার বিরুদ্ধে ওঠা অভিযোগ আদৌ সত্যি ছিল কি না, নাকি এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, তার উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। তবে তার আগেই আরাত্রিকা মাইতির অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। অনুরাগীদের মতে, তাঁর চোখের অভিব্যক্তি, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং তেজস্বী অভিনয়ই এই প্রোমোকে আরও স্মরণীয় করে তুলেছে।
