জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মা চালান পাইস হোটেল, মেয়ের মুখে আইনের জোরালো পাঠ, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’য় স্বস্তিকা ও ইপ্সিতার চমক

জি বাংলার পর্দায় আসতে চলেছে একেবারে নতুন গল্পের ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, আর তার প্রথম ঝলকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। সদ্য প্রকাশিত প্রোমোতে উঠে এসেছে এক সাধারণ পরিবারের অসাধারণ লড়াইয়ের আভাস। কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা, যিনি নিজের পাইস হোটেল চালিয়ে তিন মেয়েকে বড় করে তুলছেন। প্রোমোতেই দেখা যায়, তার হোটেলে বসে সম্পত্তি নিয়ে পুরনো ধারণা নিয়ে আলোচনা করছেন দুই ব্যক্তি, আর সেখানেই গল্প পায় অন্য মোড়।

ঠিক সেই সময় থালা হাতে প্রবেশ করে অন্নপূর্ণার মেজ মেয়ে স্নেহা, যার চরিত্রে রয়েছেন স্বস্তিকা। তার দৃঢ় কণ্ঠে আইনের ব্যাখ্যা যেন মুহূর্তেই চুপ করিয়ে দেয় সকলকে। সে স্পষ্ট জানায়, সাকসেশন অ্যাক্ট অনুযায়ী মেয়েদেরও বাবার সম্পত্তিতে সমান অধিকার রয়েছে। তার এই আত্মবিশ্বাসী উত্তর শুধু উপস্থিত মানুষদেরই নয়, দর্শকদের মনেও তৈরি করছে আগ্রহ। একদিকে হোটেলে কাজ, অন্যদিকে পড়াশোনায় সেরা হওয়ার স্বপ্ন, এই দ্বৈত লড়াই স্নেহাকে করে তুলেছে আলাদা।

অন্যদিকে অন্নপূর্ণার বড় মেয়ে সাথীর ভূমিকায় দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তার চরিত্রের বিশেষত্ব রান্নায় দক্ষতা, যা তার মায়ের কাছ থেকেই শেখা। তার হাতের রান্নার গন্ধেই নাকি ভিড় জমে হোটেলে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সে যেন মায়ের এক শক্তিশালী সহায়ক। সংসারের টানাপোড়েনের মধ্যেও তার এই নিবেদন গল্পে এনে দেয় এক আলাদা উষ্ণতা।

সবচেয়ে ছোট মেয়ে সোমা চরিত্রটিও সমান আকর্ষণীয়। খেলাধুলায় তার দাপট, প্রাণবন্ত স্বভাব এবং এগিয়ে যাওয়ার জেদ তাকে অন্যদের থেকে আলাদা করে। বাবা ছাড়াই তিন মেয়েকে বড় করে তোলা অন্নপূর্ণার সংগ্রাম এই ধারাবাহিকের মূল শক্তি। চার নারীর এই লড়াই, স্বপ্ন আর সম্পর্কের জটিলতা মিলিয়ে গড়ে উঠছে এক শক্তিশালী নারীকেন্দ্রিক কাহিনি।

এখনও পর্যন্ত জানা যায়নি কোন সময়ে বা কোন ধারাবাহিকের জায়গায় আসবে এই নতুন শো। তবে জি বাংলার সাম্প্রতিক স্লট পরিবর্তনের মধ্যে এই ধারাবাহিকের আগমন যে বড় চমক আনতে চলেছে তা বলাই যায়। ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সমাজের চেনা ধারণাকে চ্যালেঞ্জ জানানোর এক সাহসী প্রচেষ্টা, যা দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে সহজেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page