দীর্ঘদিনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর লুকিয়ে রাখা অনুভূতির পর অবশেষে একে অপরকে মনের কথা জানিয়েছে আয়ুষ্মান ও কুসুম। দর্শকরা যখন ভেবেছিলেন এবার হয়তো তাদের সম্পর্ক পূর্ণতা পাবে, ঠিক তখনই সামনে এল নতুন বাধা। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে দেখা যায়, আয়ুষ্মান ও কুসুমের একটি ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়। সেই ছবি খবরের কাগজে ছাপা হতেই পরিস্থিতি বদলে যায়। বিষয়টি চোখে পড়তেই রাগে ফেটে পড়ে ইন্দ্রাণী। এতদিন চাপা থাকা সম্পর্ক এবার প্রকাশ্যে চলে আসায় বাড়তে শুরু করেছে উত্তেজনা। আগামী পর্ব নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে উঠেছে। প্রেমের পথে এবার বড় পরীক্ষা অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে।
প্রোমোতে আরও দেখা যায়, ইন্দ্রাণীকে সাংবাদিকরা কুসুম ও আয়ুষ্মানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি স্পষ্ট বলেন, “গুজবে কান দিতে নারাজ।” এখানেই থেমে না থেকে তিনি আরও জানান, “আয়ুষ্মান আমার ছেলে, তাই ওর জন্য পাত্রী আমিই খুঁজে আনব।” পাশাপাশি ইন্দ্রাণীর দাবি, “মায়ের অমতে কিছু করবে না আয়ুষ্মান।” মায়ের মুখে এমন কথা শুনে স্পষ্টই চমকে যায় আয়ুষ্মান। অন্যদিকে কুসুমও গভীর চিন্তায় পড়ে যায়। সম্পর্ক স্বীকৃতি পাওয়ার বদলে নতুন বিরোধ তৈরি হওয়ায় সে ভেঙে পড়ে। পরিবারের সম্মতি ছাড়া সামনে এগোনো যে সহজ হবে না, তা পরিষ্কার হয়ে যায়।
ইন্দ্রাণীর কড়া অবস্থানের পর কুসুমের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কীভাবে সে দেবী মায়ের মন বদলাবে। এত কষ্টের পর যখন সম্পর্কটা ঠিক পথে এগোতে শুরু করেছে, তখন এই আপত্তি তাকে আতঙ্কিত করে তোলে। সে বুঝতে পারে, শুধু আয়ুষ্মানের ভালোবাসা পেলেই সব শেষ নয়, পরিবারের গ্রহণযোগ্যতাও জরুরি। অন্যদিকে আয়ুষ্মানও মায়ের বক্তব্যে অস্বস্তিতে পড়ে যায়। একদিকে ভালোবাসা, অন্যদিকে মায়ের ইচ্ছা, এই দুইয়ের মাঝে পড়ে তার অবস্থান জটিল হয়ে উঠেছে। আগামী পর্বে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে।
কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল আয়ুষ্মান কুসুমকে সঙ্গে নিয়ে একটি বিশেষ জায়গায় যায়। অচেনা হলেও সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো সেই স্থান দেখে কুসুম জানতে চায়, কোথায় এসেছে তারা। উত্তরে আয়ুষ্মান বলে, “এমন একটা জায়গায়, যেখানে শুধুমাত্র আমরা দু’জন আছি।” এরপর সে লাল গোলাপ হাতে কুসুমকে প্রেম নিবেদন করে। সেই মুহূর্তে আকাশে আতশবাজির আলোয় ভেসে ওঠে “আই লাভ ইউ কুসুম”। এমন চমকপ্রদ আয়োজন দেখে লজ্জায় লাল হয়ে যায় কুসুম। দর্শকরাও এই দৃশ্যকে ঘিরে বেশ উচ্ছ্বাস দেখিয়েছিলেন।
আরও পড়ুনঃ নিজের গড়ে হারতেই জুটলো কাদা, উঠল চোর স্লোগান! ‘তুমি সুপারহিরো’ কঠিন মুহূর্তে স্বামীকে আগলালেন শুভশ্রী, ওটা ‘সুপারহেরো’ কটাক্ষ নেট পাড়ার
উল্লেখ্য, কুসুম অনেক আগেই আয়ুষ্মানকে মন দিয়ে ফেলেছিল। তবে আয়ুষ্মানের নিজের অনুভূতি বুঝতে কিছুটা সময় লেগেছিল। সে আগে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারেনি, কিন্তু পরে বারবার কুসুমকে বোঝানোর চেষ্টা করে যে সেও তাকে ভালোবাসে। নানা ভুল বোঝাবুঝি কাটিয়ে অবশেষে দু’জন একে অপরকে মনের কথা জানায়। এখন প্রশ্ন, তাদের সম্পর্ক কি বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছবে? ইন্দ্রাণী কি কুসুমকে বাড়ির বড়বউ হিসেবে মেনে নেবেন? নাকি সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে? সেই উত্তরই মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।
