জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে এবার আসতে চলেছে একের পর এক বড় চমক। কিছুদিন আগেই জানা গিয়েছিল, পারুল মা হতে চলেছে। সেই সুখবর ঘিরে যখন পরিবারে আনন্দের আবহ, ঠিক তখনই তার জীবনে নেমে আসছে এক বড় বিপদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে দেখা যাচ্ছে পারুল এবং রুকুকে ঘিরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই নতুন মোড় ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
প্রোমোতে দেখা যায়, সন্ধেবেলা রুকুকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে নিয়মিত চেকআপ করাতে বেরিয়েছে পারুল। পথে যেতে যেতে রুকু পারুলকে মনে করিয়ে দেয়, রায়ান বারবার বলে দিয়েছে যেন চেকআপ করিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু গল্প করতে করতে তারা খেয়ালই করে না, গাড়ি নির্ধারিত রাস্তা ছেড়ে অন্যদিকে চলে এসেছে। বিষয়টি বুঝতে পেরে সন্দেহ হওয়ার আগেই গাড়ির চালক আচমকা গাড়ি থামিয়ে দেয়। এরপর তাদের মুখে একটি স্প্রে করা হয়, যার ফলে দু’জনেই অজ্ঞান হয়ে পড়ে।
এরপর সামনে আসে আরও বড় চমক। জানা যায়, যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল, সে আসলে ড্রাইভার নয়। ছদ্মবেশ নিয়ে সেখানে এসেছে সংযুক্তা। পারুলকে নতুন করে বিপদে ফেলতেই সে এই পুরো পরিকল্পনা করেছে। জ্ঞান ফেরার পর পারুল এবং রুকু বুঝতে পারে, তারা একটি ঘরের ভিতরে বন্দি। চারপাশে কয়েকজন দুষ্কৃতী তাদের ঘিরে রয়েছে। কীভাবে তারা সেখানে পৌঁছেছে, তা বুঝে ওঠার আগেই তাদের সামনে আরও ভয়ঙ্কর সত্যি আসে।
ঘরে থাকা লোকজন পারুল এবং রুকুকে জানিয়ে দেয়, দ্রুত তৈরি হতে হবে। কারণ বাইরে অপেক্ষা করছে কাস্টমার, আর তাদের সামনে নাচতে হবে। এই কথা শুনে দু’জনেই আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে, নিজেদের অজান্তেই এক ভয়ঙ্কর ফাঁদে এসে পড়েছে। সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে, সেই চিন্তাই তাদের গ্রাস করে। পরিস্থিতি যত এগোয়, ততই উত্তেজনা বাড়তে থাকে।
ঠিক সেই সময়েই গল্পে আসে নতুন মোড়। পারুল এবং রুকু দেখতে পায়, সবাইকে ফাঁকি দিয়ে মেয়ের ছদ্মবেশে সেখানে পৌঁছে গিয়েছে রায়ান। বিপদের খবর পেয়ে সে আর বসে থাকতে পারেনি। নিজের স্ত্রী এবং দিদিকে উদ্ধার করতেই সে জীবনকে ঝুঁকিতে ফেলে ওই জায়গায় ঢুকে পড়েছে। তবে তার এই পরিকল্পনা সফল হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ চারপাশে বিপদের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলে যেমন নাটকের স্ক্রিপ্ট আগে জমা দিতে হতো, বিজেপি সরকারও কি সেই পথেই হাঁটছে? অ্যাকাডেমি বিতর্কের মাঝেই মঞ্চের স্বাধীনতা নিয়ে বি*স্ফোরক মন্তব্য চন্দন সেনের! ভবিষ্যতের আশঙ্কা নিয়ে কী বললেন অভিনেতা?
এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরছে। রায়ান কি সত্যিই পারুল এবং রুকুকে সংযুক্তার পাতা এই ফাঁদ থেকে নিরাপদে বের করে আনতে পারবে? নাকি উদ্ধার করতে গিয়েই সে নিজেও বড় বিপদের মুখে পড়বে? নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। আগামী পর্বে এই রহস্যের জট কীভাবে খুলবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন ধারাবাহিকের অনুরাগীরা।
