জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে পারুল ও রায়ানের সম্পর্কের টানাপোড়েন দিয়ে। গ্রামের মেয়ে পারুল এবং শহুরে মানসিকতার রায়ানের সম্পর্ক ঘিরেই এগোচ্ছে গল্প। উদয় প্রতাপ সিং ও ঈশানী চ্যাটার্জির অভিনয় দর্শকদের মন জয় করেছে। এবার নতুন প্রোমো সামনে আসতেই ধারাবাহিকের আগামী পর্ব নিয়ে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে রায়ান ও পারুলের মধ্যে বড়সড় মতবিরোধ তৈরি হয়েছে। রায়ান স্পষ্ট জানিয়ে দেয়, পাবলো সেনের বিনিয়োগ নিয়ে ব্যবসা করলে সে আর সেই কাজে থাকবে না। কিন্তু পারুল নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে মনে করে, ব্যবসাকে এগিয়ে নিতে এই সাহায্য প্রয়োজন। এই নিয়ে দুজনের দূরত্ব এতটাই বাড়ে যে রায়ান আলাদা কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়।
রায়ান ও পারুলের এই ঝামেলার খবর পৌঁছে যায় শিরিনের কাছে। সুযোগ বুঝে সে বিষয়টি সংযুক্তাকেও জানায়। দুজনেই বুঝতে পারে, এই সময় পারুলকে আঘাত করলে তাকে সহজেই দুর্বল করা যাবে। সেই কারণেই পারুলের নতুন ব্যবসা নষ্ট করতে তারা ভয়ঙ্কর পরিকল্পনা করে। পারুল গ্রামে যাওয়ার আগেই তার ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়ার ছক কষে শিরিন ও সংযুক্তা।
পরিকল্পনা মতোই গ্রামের ফসলি জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নিজের ব্যবসার জন্য চাল সংগ্রহ করতে গ্রামে পৌঁছে পারুল দেখে, তার স্বপ্নের ধানের ক্ষেত আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে ভেঙে পড়ে সে। বহু পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখে পারুল সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে।
আরও পড়ুনঃ অবশেষে মিলল ডোনার খোঁজ! বাদ পড়লেন একাধিক টলিউড নায়িকা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁর স্ত্রীর চরিত্রে চমক দেবেন এই বলিউড অভিনেত্রী! কে তিনি যিনি শেষে বাজিমাত করলেন?
তবে সমস্ত মান-অভিমান সত্ত্বেও পারুলের বিপদের খবর পেয়ে চুপ করে থাকতে পারেনি রায়ান। ব্যবসা নিয়ে সম্পর্কের দূরত্ব তৈরি হলেও, পারুলকে একা ফেলে দেয়নি সে। সব ভুলে দ্রুত গ্রামের উদ্দেশে রওনা দেয় রায়ান। নতুন এই প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে আগামী পর্ব নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছে।
