সৌরভ গাঙ্গুলীর মুখে মেয়ের পছন্দের প্রতিযোগীর নাম! বিগ বসের ঘরে কে জিতল সানার মন?

‘বিগ বস বাংলা’-র ঘরে শেষের লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে প্রতিযোগীদের ঘিরে দর্শকদের কৌতূহল। কে শেষ পর্যন্ত টিকে থাকবেন, আর কার সফর শেষ হবে, তা নিয়ে এখন জোর চর্চা চলছে। এরই মধ্যে শনিবারের পর্বে এমন এক কথা ফাঁস করলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়, যা শুনে রীতিমতো অবাক হয়ে যান ঘরের সদস্যরা। জানালেন, তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের পছন্দের প্রতিযোগী রয়েছেন এই ঘরেই। অর্থাৎ বিগ বসের প্রতিযোগীদের মধ্যে এমন একজন রয়েছেন, যাঁর খেলা বা ব্যক্তিত্ব নজর কেড়েছে সৌরভ-কন্যার। কিন্তু কে তিনি? দাদার মুখে সেই নাম শোনার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন ওই প্রতিযোগী। অথচ মজার বিষয়, সানার মন জয় করলেও তাঁর নিজের বিগ বসের সফর এখন বেশ অনিশ্চিত।

শনিবারের পর্বে প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়েই সৌরভ জানান, তাঁর মেয়ে সানার পছন্দের প্রতিযোগী হলেন নিরঞ্জন, যাঁকে ঘরের সদস্যরা ‘নাড়ু’ বলেই চেনেন। দাদার মুখে নিজের নাম শুনে স্বাভাবিকভাবেই খুশি হয়ে যান নিরঞ্জন। সৌরভ মজার ছলে জানান, সানাকে এখনও তিনি জিজ্ঞাসা করেননি কেন নিরঞ্জনকে তাঁর এত ভালো লাগে। বাড়ি ফিরে মেয়ের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাইবেন বলেও জানান তিনি। তাঁর কথায়, সব কথা তো আর মেয়েরা বাবাকে বলে না! ফলে সানার পছন্দের কারণ জানার কৌতূহল যেমন তৈরি হয়েছে সৌরভের মনে, তেমনই দাদার মুখে এই স্বীকৃতি পেয়ে খুশি নিরঞ্জনও।

কিন্তু এখানেই রয়েছে আসল চমক। সানার পছন্দের প্রতিযোগী হওয়ার আনন্দ পেলেও নিরঞ্জনের বিগ বসের সফর এখন মোটেই নিরাপদ নয়। রবিবারের এভিকশন পর্বে তাঁর নাম রয়েছে বিপদের তালিকায়। এই সপ্তাহে ঘর থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন তনুশ্রী, সৃজলা এবং নিরঞ্জন। অন্যদিকে রাজবীর নমিনেশনে থাকলেও শনিবারের পর তাঁর বিপদ কেটে গিয়েছে। ফলে এখন মূল লড়াই এই তিন প্রতিযোগীর মধ্যে। গত সপ্তাহে রাজবীরের সঙ্গে নিরঞ্জনের তীব্র বচসা এবং তাঁর কিছু মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে আলোচনা হয়েছে। বিশেষ করে ‘পাওয়ার দেখানো’ নিয়ে তাঁর বক্তব্য দর্শকদের একাংশের ভালো লাগেনি। এই ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ভোটের হিসেবেও নিরঞ্জনের অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। দর্শকদের ভোটের দৌড়ে রাজবীর অনেকটাই এগিয়ে রয়েছেন বলে খবর। বিগ বসের ঘরে তাঁর জনপ্রিয়তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জিতু ও সৃজলার সম্পর্কের সমীকরণও দর্শকদের নজর কেড়েছে। তাঁদের মান-অভিমান এবং একে অপরের প্রতি আচরণ নিয়ে ঘরের ভিতরে যেমন আলোচনা চলছে, তেমনই বাইরে দর্শকদের মধ্যেও কৌতূহল রয়েছে। অন্যদিকে তনুশ্রীও নিজের বুদ্ধি ও কৌশলে একের পর এক সপ্তাহ ঘরে টিকে রয়েছেন। তবে এই সপ্তাহে তাঁর জায়গাও পুরোপুরি নিরাপদ নয়। ফলে শেষ মুহূর্তে কার ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে সানার পছন্দের কথা শুনে নিরঞ্জনের আনন্দ, অন্যদিকে রবিবারই ঘর ছাড়ার আশঙ্কা। এই দুই বিপরীত পরিস্থিতি এখন তাঁকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন একটাই, সানার পছন্দের ‘নাড়ু’ কি শেষ পর্যন্ত দর্শকদের ভোটে টিকে থাকতে পারবেন? নাকি মেয়ের পছন্দের কথা জানার পরেই নিরঞ্জনের বিগ বসের সফরে পড়বে দাঁড়ি? আবার তনুশ্রী কিংবা সৃজলার মধ্যে কারও কি শেষ হবে এই যাত্রা? আপাতত উত্তর অজানা। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রবিবারের পর্বেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page