‘বিগ বস বাংলা’র ঘরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জিতুর। মনামীর গায়ে বল ছোড়ার ঘটনা নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়ালেন তিনি। এবার তাঁর নিশানায় ক্যাপ্টেন দুর্নিবার সাহা। দুর্নিবারের বিছানায় জল ঢেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঘরের একাধিক সদস্য। এই ঘটনার পর সমাজমাধ্যমেও জিতুকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তাঁর আচরণকে হিংসার প্রকাশ বলে মনে করছেন, আবার কেউ সরাসরি সমালোচনা করছেন তাঁর সিদ্ধান্তের।
সম্প্রতি ‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন দুর্নিবার। এরপর থেকেই তাঁকে নিয়ে জিতুর সঙ্গে বিরোধ আরও বেড়েছে বলে মনে করছেন দর্শকদের একাংশ। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পর জিতু দুর্নিবারকে জানিয়ে দেন, ক্যাপ্টেনের ঘরে তাঁকে একাই ঘুমোতে হবে। সেখানে নিরঞ্জনকে ঘুমোতে দেওয়া যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। জিতুর বক্তব্য, ক্যাপ্টেনের দায়িত্বে যেহেতু দুর্নিবার রয়েছেন, তাই ওই ঘরে থাকার অধিকার তাঁরই। নিয়ম না মানা হলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকিও দেন জিতু।
কিন্তু জিতুর আপত্তি সত্ত্বেও দুর্নিবার ও নিরঞ্জন একই বিছানায় শুয়ে পড়েন। এরপরই এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জিতু। তাঁর এই আচরণে ঘরের সদস্যদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ভরত, মনামী এবং নন্দিনী এই ঘটনার প্রতিবাদ করেন। রাজবীরও জিতুর কাজকে সমর্থন করেননি। তাঁর মতে, এভাবে বিছানায় জল ঢেলে দেওয়া মোটেও ঠিক হয়নি। ঘটনাটি নিয়ে ঘরের ভিতরে উত্তেজনা তৈরি হওয়ার পাশাপাশি দর্শকদের মধ্যেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
সমাজমাধ্যমে জিতুর আচরণ নিয়ে একাংশের দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ তাঁকে দুর্নিবার ও মনামীকে ইচ্ছাকৃতভাবে নিশানা করার অভিযোগে কাঠগড়ায় তুলেছেন। আবার কেউ তাঁর শিবভক্তির প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন। তবে এত সমালোচনার পরেও নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন জিতু। তাঁর দাবি, নিয়ম ভাঙা হলে এমন পদক্ষেপ আবারও করতে পারেন তিনি। অর্থাৎ, এই ঘটনার পরেও নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন জিতু।
আরও পড়ুনঃ “লোকের কথা বলাটা কাজ, আমি আরও ভালো কাজ করেই যাব!” মহালয়ার নাচ নিয়ে বিতর্কে মুখ খুললেন ঋতুপর্ণা! ‘৫৮ বছরেও আচঁল সরিয়ে ভালো কাজ করছে’, ‘পশ্চাৎদেশে উত্তম কুমার সুচিত্রা সেনকে নিয়ে ঘোরাটা ভালো কাজ ছিল নাকি?’ পোশাক নিয়ে কটা’ক্ষ নেটপাড়ায়!
তবে জিতুর এই আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এর আগে নিরঞ্জন ক্যাপ্টেন থাকাকালীন ঝিলম ও দুর্নিবারকেও ওই ঘরের একই বিছানায় ঘুমোতে দেখা গিয়েছিল। সেই সময় জিতুকে একইভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। তাই অনেক দর্শকের ধারণা, দুর্নিবারের সঙ্গে জিতুর ব্যক্তিগত বিরোধই এই ঘটনার পিছনে কাজ করেছে। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন মত সামনে আসছে, তবে বিগ বসের ঘরে জিতু ও দুর্নিবারের দ্বন্দ্ব যে আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট।
