জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ত্রিশ হাজার মানুষের ভিড়ে এক শিশুকে উদ্ধার, হুব্বলির কনসার্টে মানবিকতার নজির সোনু নিগমের! তারপর যা করলেন, দেখে মুগ্ধ অনুরাগীরা!

মঞ্চে গান, আলো আর উচ্ছ্বাসে ভরা এক সন্ধ্যা। কর্নাটকের হুব্বলি শহরে সোনু নিগমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ত্রিশ হাজার দর্শক। সেই বিপুল ভিড়ের মধ্যেই হঠাৎ হারিয়ে যায় এক শিশু। চারপাশে অচেনা মুখ, মা বাবা নেই পাশে, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় ছোট্ট বালকটি। ঠিক সেই সময় তার পাশে দাঁড়ালেন স্বয়ং সোনু নিগম। গানের জাদুতে যেমন তিনি মানুষকে আনন্দ দেন, তেমনই মানবিকতায়ও নজির গড়লেন সেদিন।

বালকটির নাম শ্রী সাই। সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, সোনু তার হাত ধরে মঞ্চে হাঁটছেন। শিশুটি ভয়ে কাঁপছে বুঝতে পেরে পরিস্থিতি হালকা করতে গান ধরেন তিনি। মজার সুরে গাইতে থাকেন, শ্রী সাই এদিকে এসো, মা বাবা এসে ওকে নিয়ে যান। গানের মধ্যেই জানান, বাচ্চাটির অভিভাবক যেন দ্রুত এসে তাকে নিয়ে যান। মুহূর্তেই দর্শকাসন জুড়ে ছড়িয়ে পড়ে সহমর্মিতার আবহ।

গানের মাধ্যমে শিশুটিকে শান্ত করার পাশাপাশি তার সঙ্গে কথা বলতে শুরু করেন সোনু। তখন জানা যায়, শ্রী সাই তার মা বা বাবার সঙ্গে আসেনি। সে এসেছে তার কাকুর সঙ্গে, আর এখন তাকেই খুঁজে পাচ্ছে না। এই কথা শুনে কিছুটা অবাক হলেও পরিবেশ স্বাভাবিক রাখতে রসিকতার সুরেই কথা বলেন গায়ক। তিনি মজা করে বলেন, কাকু কোথায় গেলেন, কাকিমার সঙ্গে চলে গেলেন নাকি। তবে পুরো বিষয়টিই ছিল হালকা মেজাজে, যাতে শিশুটি ভয় না পায়।

এরপর অনুষ্ঠানের আয়োজকদের ডেকে সোনু স্পষ্ট নির্দেশ দেন, শিশুটিকে যথাযথ প্রমাণ যাচাই করে তবেই তার অভিভাবকের হাতে তুলে দিতে হবে। কিছু সময়ের মধ্যেই খোঁজ মেলে শ্রী সাইয়ের কাকুর। সমস্ত নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করেই শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। মঞ্চে দাঁড়িয়ে এই দায়িত্বশীল ভূমিকা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা।

এই ঘটনার ভিডিয়ো ভাগ করে নিয়ে সোনু লেখেন, ত্রিশ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল এই বাচ্চাটি, খুব ভয় পেয়েছিল। তবে তাকে খুঁজে পাওয়ার পর তার ভয় অনেকটাই কেটে যায় বলে মনে হয়েছে। এই মানবিক উদ্যোগের জন্য সমাজমাধ্যমে গায়ককে কুর্নিশ জানিয়েছেন অসংখ্য অনুরাগী। সেদিন শুধু গানের জন্য নয়, একজন মানুষ হিসেবেও আরও একবার হৃদয় জিতে নিলেন সোনু নিগম।

Piya Chanda

                 

You cannot copy content of this page