টলিউডে তারকাদের অনুরাগীদের মধ্যে বাকযুদ্ধ নতুন কিছু নয়। বিশেষ করে দেব এবং জিৎকে ঘিরে সমাজমাধ্যমে মাঝেমধ্যেই তৈরি হয় নানা বিতর্ক। এবার জিৎ-এর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে একটি ফ্যান পেজের নেতিবাচক পোস্ট নজরে আসে দেবের। বিষয়টি দেখেই চুপ করে থাকেননি অভিনেতা।
ওই ফ্যান পেজের পোস্টে ছবিটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রি এবং বক্স অফিসের হিসাব নিয়ে কটাক্ষ করা হয়েছিল। ছবির আয় নিয়ে অতিরঞ্জিত প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয় সেই পোস্টে। দেবের ফ্যান পেজ থেকে এমন মন্তব্য প্রকাশ্যে আসায় বিষয়টি নজরে আসে অভিনেতার। এরপর সরাসরি সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে নিজের বক্তব্য জানান দেব।
দেব স্পষ্ট জানিয়ে দেন, জিৎকে নিয়ে এই ধরনের নেতিবাচক প্রচার বন্ধ করতে হবে। তাঁর কথায়, জিৎ তাঁর বড় দাদার মতো এবং তাঁরা একই ইন্ডাস্ট্রির অংশ। শুধু কমেন্ট করেই থামেননি দেব, নিজের প্রোফাইল থেকেও বিষয়টি নিয়ে বার্তা দেন। জিৎ-এর বিরুদ্ধে থাকা নেতিবাচক পোস্টগুলি দ্রুত সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
এর পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে জিৎ-এর ছবি হলে গিয়ে দেখার বার্তাও দিয়েছেন দেব। নিজেরাও সিনেমাটি দেখতে এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করার কথা জানান তিনি। দেবের মন্তব্যের পর ওই ফ্যান পেজ থেকে জিৎ-এর ছবিকে নিয়ে করা পোস্টগুলি সরিয়ে নেওয়া হয়। পরে পেজের তরফে দেবের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে অন্য কোনও অভিনেতাকে নিয়ে নেতিবাচক পোস্ট না করার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ “বাইরে থেকে শান্ত, ভদ্র এবং আদর্শ স্বামীর মতো আচরণ করলেও, ভিতরে এক্কেবারে রাক্ষস!” “একটা নিরীহ ছেলেকে এমন করে মে’রে ফেলেও কোনও অনুশোচনা নেই!” বিনোদের পর এবার কার পালা? রণজয়ের উপর সন্দেহের বশে সম্রাটের ভয়ংকর কাণ্ডে আতঙ্কিত ‘কমলা নিবাস’-এর দর্শকরা!
দেবের এই পদক্ষেপ ফের দুই তারকার পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি সামনে এনেছে। প্রতিদ্বন্দ্বিতা বা অনুরাগীদের মধ্যে ফ্যান ওয়ার থাকলেও ব্যক্তিগতভাবে জিৎ-এর প্রতি তাঁর সম্মান রয়েছে, তা স্পষ্ট করেছেন দেব। প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির পর প্রথম সপ্তাহে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
