লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মাননা একাডেমিক অ্যাওয়ার্ড-এর ৯৮তম আসর। প্রতি বছরের মতোই এবারের অনুষ্ঠানেও ছিল তারকাদের ঝলমলে উপস্থিতি, রেড কার্পেটের চোখধাঁধানো মুহূর্ত এবং সেরা শিল্পীদের সম্মান জানানোর বিশেষ পর্ব। কিন্তু সেই গ্ল্যামারের মাঝেই একটি বিষয় ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনুষ্ঠানের বহুল আলোচিত ‘ইন মেমোরিয়াম’ অংশে ভারতীয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এর নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।
প্রতিবছর অস্কারের অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্টে গত এক বছরে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মরণ করা হয়। এবারের অনুষ্ঠানেও সেই রীতি বজায় রাখা হয়েছিল এবং আয়োজকদের দাবি ছিল যে এ বছর এই অংশটি আগের তুলনায় আরও বড় এবং বিস্তৃত। শুধু ভিডিও মন্টাজ নয়, বরং বিভিন্ন তারকার মাধ্যমে বিশেষ শ্রদ্ধাঞ্জলিও রাখা হয়। এই পর্বে চলচ্চিত্র নির্মাতা রব রেইনারকে সম্মান জানান তাঁর বিখ্যাত ছবির অভিনেতা বিলি ক্রিস্টাল। একইভাবে কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ডকে স্মরণ করেন তাঁর সহ অভিনেত্রী। অনুষ্ঠানে আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পীকেও স্মরণ করা হয়।
তবে বিতর্কের সূত্রপাত ঘটে যখন দর্শকরা লক্ষ্য করেন যে তালিকায় নেই ভারতীয় সিনেমার বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রর নাম। গত বছরের নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল এবং ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি ছিলেন এক অনন্য আইকন। অতীতে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে ভারতীয় অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুরকে স্মরণ করা হয়েছিল। সেই কারণেই অনেকেই মনে করছেন ধর্মেন্দ্রর মতো একজন কিংবদন্তি অভিনেতার নাম বাদ পড়া অত্যন্ত বিস্ময়কর এবং হতাশাজনক।
ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে টুইটার (বর্তমানে এক্স হ্যান্ডেল) সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় দর্শকরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে অস্কার যখন নিজেদের আন্তর্জাতিক পুরস্কার বলে দাবি করে তখন ধর্মেন্দ্রর মতো একজন কিংবদন্তিকে উপেক্ষা করা সত্যিই দুঃখজনক। আরেকজন মন্তব্য করেছেন যে বিশ্ব সিনেমার এত বড় মঞ্চ যদি ভারতীয় আইকনদের যথাযথ সম্মান না দেয় তাহলে তাকে কতটা গ্লোবাল বলা যায় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আরও পড়ুনঃ সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল ‘উষি’ জুটির রসায়ন! ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের শুরু থেকেই প্রেম চর্চা তুঙ্গে! আরাত্রিকা ও অভিষেকের কি সত্যিই রয়েছেন সম্পর্কে? মুখ খুললেন অভিনেত্রীর মা-বাবা!
এই ঘটনার পর আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি পুরনো প্রশ্ন। অস্কার কি সত্যিই বিশ্ব সিনেমার প্রতিনিধিত্ব করে নাকি এখনও তা মূলত হলিউডকেন্দ্রিক একটি পুরস্কার। অনেক চলচ্চিত্র বিশ্লেষকের মতে ‘ইন মেমোরিয়াম’ তালিকা সাধারণত সেইসব ব্যক্তিদের নিয়ে তৈরি হয় যাঁদের একাডেমির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। তবু ভারতীয় দর্শকদের কাছে ধর্মেন্দ্র শুধুই একজন অভিনেতা নন বরং একটি সময়ের প্রতীক। তাই বিশ্বের এত বড় মঞ্চে তাঁর নাম না থাকা অনেকের কাছেই অসম্পূর্ণ মনে হয়েছে।
