বিগ বসের ঘরে প্রতিদিনই নানা ঘটনা, ঝগড়া আর আবেগের ওঠাপড়া লেগেই রয়েছে। কখনও প্রতিযোগীদের মধ্যে মনোমালিন্য, কখনও আবার একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার ছবি ধরা পড়ছে। কিন্তু এবার শোয়ের এক পরিচিত মুখের আচমকা বিদায়ে মন খারাপ অনুরাগীদের। শুধু ঘরের সদস্যরাই নন, বাইরে থেকেও তাঁর জন্য এল ভালোবাসার বার্তা। আর সেই বার্তাই এখন নজর কেড়েছে দর্শকদের।
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বিগ বস বাংলার ঘর ছাড়তে হয়েছে ঝিলম গুপ্তকে। প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছু সপ্তাহ কাটানোর পর সোমবার আচমকাই তাঁকে বিদায় নিতে হয়। এই বিদায়ের মুহূর্ত আবেগঘন হয়ে ওঠে। সাধারণত নিজেকে শক্ত মনের মানুষ হিসেবে তুলে ধরা রাজবীর দে-কেও চোখের জল ফেলতে দেখা যায়। এমনকী, ঝিলমের সঙ্গে সাম্প্রতিক সময়ে মতবিরোধে জড়ানো জীতু কামালও আবেগ ধরে রাখতে পারেননি। ঘর ছাড়ার আগে নিজের লেখা ও সুর করা গান গেয়ে সহ-প্রতিযোগীদের বিদায় জানান ঝিলম।
ঝিলমের এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন অভিনেতা ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ঝিলম তুমি ভালো থেকো। ভগবান তোমাকে ভালো রাখুন। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো, ডিজে মাউজ।” ঝিলমের অনুরাগীদের কাছে ‘ডিজে মাউজ’ নামটি পরিচিত। জয়শ্রীর এই বার্তায় স্পষ্ট, প্রতিযোগিতার বাইরেও অসুস্থতার সময়ে একজন মানুষের দ্রুত সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ ঘরে স্ত্রী মোহর ও একরত্তি, সেই দুর্নিবার নাকি বিগ বসের ঘরে সৃজলাকে বলেছেন “তুমিই আমার প্রায়োরিটি, আই লাইক ইউ”! সোনামণির মুখে বি*স্ফোরক দাবি, সত্যিই কি নায়িকার প্রতি দুর্বলতা রয়েছে বিবাহিত গায়কের? কী মনে হয় আপনাদের?
এদিকে, ঝিলমের অসুস্থতার কারণ নিয়েও সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তাঁর বাবা সমাজমাধ্যমে জানিয়েছেন, পিত্তথলিতে পাথর থাকার কারণে বেশ কয়েক দিন ধরেই পেটে ব্যথা হচ্ছিল ঝিলমের। পাথর বড় হয়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন বলেও জানা গিয়েছে। ফলে আপাতত তাঁর সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে জরুরি। অন্যদিকে, ঝিলমের বিদায়ের পর বিগ বসের ঘরের সমীকরণও বদলাতে পারে। আগামী দিনে প্রতিযোগিতার মোড় কোন দিকে যায়, এখন সেটাই দেখার।
