সোশ্যাল মিডিয়ায় ঘরোয়া রান্নার জন্য জনপ্রিয় ‘মা মাসি কিচেন’-এর অনুরাগীদের জন্য এল দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন সুমিতা বসুর স্বামী জ্যোতিপ্রসাদ বসু, যিনি দর্শকদের কাছে স্নেহের ‘মেসোমশাই’ নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ সুমিতা বসু।
শনিবার রাতে সমাজমাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানান সুমিতা বসু। তিনি জানান, গত ১৩ আগস্ট চিরতরে চলে গিয়েছেন তাঁর ৪৭ বছরের সঙ্গী। মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন বলেই এতদিন এই দুঃসংবাদ অনুরাগীদের জানাতে পারেননি বলে নিজের পোস্টে উল্লেখ করেছেন তিনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গুরুতর COPD বা ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন জ্যোতিপ্রসাদ বসু। শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই তাঁকে অক্সিজেনের সাহায্য নিতে দেখা যেত। গত ৭ আগস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
‘মা মাসি কিচেন’-এর ভিডিওতে সুমিতা বসুর রান্না এবং জ্যোতিপ্রসাদ বসুর হাসিমুখ দর্শকদের বিশেষভাবে টানত। স্ত্রীর হাতে তৈরি পছন্দের খাবার তৃপ্তি করে খাওয়ার সেই দৃশ্য বহু মানুষের কাছে ছিল অত্যন্ত আপন। তাই মেসোমশাইয়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেছেন পেজটির অসংখ্য অনুরাগী।
আরও পড়ুনঃ “বোঝো ঠেলা, ঝিনুক! এমন ডমিনেটিং স্বামী থাকলে আর কী চাই!” দেরি করে বাড়ি ফেরায় ফের চড়ল সম্রাটের রাগের পারদ! ঝিনুককে নিয়ে বাজারে হাজির হয়ে শুরু পুরনো কাণ্ডেরই পুনরাবৃত্তি, ‘কমলা নিবাস’-এর ‘টক্সিক’ স্বামীর আচরণে বিরক্ত দর্শক!
দীর্ঘ ৪৭ বছরের দাম্পত্য জীবনে সুমিতা ও জ্যোতিপ্রসাদ বসুর সহজ-সরল ভালোবাসা সমাজমাধ্যমেও মানুষের মন ছুঁয়েছিল। অনুরাগীদের মতে, তাঁদের একে অপরের প্রতি মমতা এবং সুন্দর সম্পর্ক সবসময় মনে থেকে যাবে। ‘মা মাসি কিচেন’-এর মেসোমশাইয়ের প্রয়াণে এখন শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যেও।
