জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মধুর ভান্ডারকরের নতুন ছবির ঘোষণা ঘিরে এবার চর্চা শুরু হয়েছে। ‘দ্য ওয়াইভস অফ বলিউড’-এর কাজ শেষ করার পর এবার তিনি হাত দিতে চলেছেন এক ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবিতে। ছবির কেন্দ্রে রয়েছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর রাজনৈতিক জীবন এবং ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘শ্যামা: দ্য মিসিং চ্যাপ্টার’। নাম থেকেই স্পষ্ট, পরিচিত ইতিহাসের পাশাপাশি কিছু কম আলোচিত ঘটনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
আদিত্য কুমার হালওয়াসিয়া, ভান্ডারকর এন্টারটেইনমেন্ট এবং এ কে এইচ ভেঞ্চারসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে এই ছবি। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আদর্শগত অবস্থানকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। স্বাধীন ভারতের ইতিহাসে তাঁর ভূমিকা এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির জটিলতা দর্শকদের সামনে তুলে ধরতে চান নির্মাতারা। তবে ছবির নামের সঙ্গে জুড়ে থাকা ‘দ্য মিসিং চ্যাপ্টার’ ঠিক কোন অজানা অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্যদের মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরে নেহরু সরকারের সঙ্গে মতপার্থক্যের জেরে মন্ত্রিত্ব ছেড়ে দেন তিনি। ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরের পারমিট ব্যবস্থার বিরোধিতা করে তাঁর আন্দোলনও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাগুলির পাশাপাশি তাঁর শেষ জীবনের বিতর্কিত অধ্যায়ও ছবিতে জায়গা পেতে পারে বলে জানা যাচ্ছে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী হয়ে থাকবে না। বরং সেই সময়ের ক্ষমতার সমীকরণ, রাজনৈতিক মতাদর্শের সংঘাত এবং শ্যামাপ্রসাদের বিভিন্ন সিদ্ধান্তের নেপথ্যের পরিস্থিতিও তুলে ধরা হবে। তাঁর জীবনকে ঘিরে থাকা ঐতিহাসিক ঘটনাগুলিকে সিনেমার ভাষায় সাধারণ দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। অন্যদিকে, মধুর ভান্ডারকরের কাছে এমন একটি ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা নতুন চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে সততা ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরতে চান।
আরও পড়ুনঃ ‘কারও নামে নয়, নিজের জন্যই সিঁদুর পরি!’ হিরণের সঙ্গে বিচ্ছেদের মামলা, বিজয়ার দিনে মুখ খুলে কী জানালেন অনিন্দিতা?
সূত্রের খবর, আগামী বছর থেকে ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, সেই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ছবির মুক্তির তারিখও প্রকাশ্যে আসেনি। ফলে কাস্টিং থেকে শুরু করে কাহিনির বিস্তারিত তথ্য, সবকিছু নিয়েই আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের। ইতিহাসের পরিচিত ঘটনাগুলিকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার এই প্রচেষ্টা বড়পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।
