টলিউডে প্রযুক্তিকর্মী, স্টুডিয়ো এবং শুটিং সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। এই পরিস্থিতির সমাধান খুঁজতেই এবার উদ্যোগ নিল নবান্ন। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নন্দনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে চলচ্চিত্র জগতের বিভিন্ন পক্ষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর, এই বৈঠকে প্রযোজক, পরিচালক, প্রযুক্তিকর্মী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সদস্যরা অংশ নেবেন। মূল লক্ষ্য, চলতে থাকা সমস্যা নিয়ে প্রত্যেকের বক্তব্য শোনা এবং আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করা, যাতে চলচ্চিত্র ও ধারাবাহিকের কাজ স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।
গত কয়েক সপ্তাহে প্রযুক্তিকর্মীদের দাবি এবং স্টুডিয়ো ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার জেরে একাধিক শুটিং ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে সিনেমা ও ধারাবাহিকের কাজেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষিতেই নবান্নের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মহিষাসুরমর্দিনীর দৌড়ে নাকি এগিয়ে পল্লবী আর তনিষ্কা? জি বাংলার মহালয়া ঘিরে জোর জল্পনা, কার মাথায় উঠবে দেবীর মুকুট? আপনাদের মতে, কোন অভিনেত্রী হবেন সেরা দুর্গা?
আলোচনায় সংশ্লিষ্ট সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। বৈঠকের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা, পারস্পরিক সমঝোতার পথ তৈরি করা এবং ভবিষ্যতে যাতে একই ধরনের সমস্যা না হয়, সেই বিষয়েও আলোচনা হতে পারে। যদিও বৈঠকের ফলাফল কী হবে, তা এখনও স্পষ্ট নয়। টলিউডের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। তাই দ্রুত সমস্যার সমাধান করে শুটিং এবং অন্যান্য কাজ আগের মতো শুরু করার দিকেই এখন নজর সকলের। নন্দনের এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলেই আশাবাদী চলচ্চিত্র মহল।
