জি বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। সেই তালিকায় অন্যতম ‘দুলারী’, যেটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন দেবপ্রিয়া বসু এবং তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। তবে এই নতুন সিরিয়াল ঘিরে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে আরেক পরিচিত মুখ। কারণ ‘পরিণীতা’ ধারাবাহিকে যাঁকে দেখে অভ্যস্ত হয়ে উঠেছিলেন দর্শক, এবার তাঁকে আর সেই ধারাবাহিকে আগের মতো দেখা যাবে না বলেই খবর। আর সেই কারণেই অনুরাগীদের একাংশের মন বেশ খারাপ। বিশেষ করে ধারাবাহিকে তাঁর চরিত্রের জনপ্রিয়তা এই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে ‘ফুলকি’ ধারাবাহিকে ছোট রানীমার চরিত্রে দাপুটে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। সমালোচনার পাশাপাশি দর্শকদের কাছ থেকেও মিলেছিল ভালো প্রতিক্রিয়া। তারপর সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ইতিবাচক চরিত্রে তাঁকে দেখা যায় ‘পরিণীতা’ ধারাবাহিকে। সেখানে তিনি পারুলের মা গায়ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। হ্যাঁ ঠিক ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায়ের ()। ‘পরিণীতা’র গল্প, তিনি পেশায় চিকিৎসাকর্মী হলেও একটি বিশেষ সম্প্রদায়ের অধিকার রক্ষার লড়াইয়ে গা ঢাকা দিয়ে দক্ষিণ ভারতে থাকেন তিনি। মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক, বিচ্ছেদ এবং বারবার ভাগ্যের খেলায় দূরে সরে যাওয়ার ট্র্যাক দর্শকদের নজর কেড়েছে।
বিপদের সময় পারুলকে রক্ষা করতে বারবার ফিরে আসার দৃশ্যও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। এই জনপ্রিয়তার মাঝেই এবার নতুন ধারাবাহিক ‘দুলারী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে থাকবেন, তা এখনও পরিষ্কার হয়নি। শুধু তিনিই নন, এই ধারাবাহিকে থাকছেন পায়েল দেবও। দীর্ঘদিন পর তাঁকে আবার ছোটপর্দায় দেখা যাবে। এর আগে কাজ না পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। নতুন ধারাবাহিকের গল্প মূলত পুরুলিয়ার এক সাধারণ মেয়েকে ঘিরে, যে শহরে এসে নিজের পরিচয় তৈরি করার লড়াই শুরু করে। সেই চরিত্রেই দেখা যাবে দেবপ্রিয়াকে। অন্যদিকে শহরের এক প্রতিষ্ঠিত পরিবারের ছেলের ভূমিকায় থাকবেন নীল ভট্টাচার্য।
যদিও এখনও পর্যন্ত ধারাবাহিকটির পূর্ণাঙ্গ প্রোমো সামনে আসেনি। শুধু একটি ছোট টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে একটি বাসকে শহরের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই ধারাবাহিকটি তৈরি হচ্ছে স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থার অধীনে। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন দেবপ্রিয়া। তবে এবার একেবারে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। স্বর্ণেন্দুও জানিয়েছেন, তিনি নতুন প্রতিভাদের সুযোগ দিতে পছন্দ করেন। অভিনেত্রী হিসেবে দেবপ্রিয়া কেমন, সেই বিচার তিনি দর্শকদের হাতেই ছেড়ে দিতে চান।
আরও পড়ুনঃ শুটিং সেটেই ভয়াবহ দুর্ঘট’না! গুরুতর আহ’ত ‘শুধু তোমারই জন্য’ খ্যাত অভিনেতা শুভ্রজিৎ
প্রসঙ্গত, ‘দুলারী’ নিয়ে এখন থেকেই টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। বিশেষ করে ধারাবাহিকের প্রথম প্রোমো দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সূত্রের খবর, জুন মাসের মাঝামাঝি সময় থেকে সম্প্রচার শুরু হতে পারে এই সিরিয়ালের। অন্যদিকে, শাওলি চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই দেখা গিয়েছে ‘একেন বাবু’ সিরিজেও। সেখানে বেশ ধূসর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভবিষ্যতেও পর্দায় অনেক কাজের সুযোগ আসবে নিশ্চয়ই তাঁর হাতে। তবে, এখন দর্শকদের বড় প্রশ্ন, ‘পরিণীতা’-য় তাঁর উপস্থিতি কি আগের মতো থাকবে, নাকি নতুন ধারাবাহিকের কারণেই বদল আসবে গল্পে।
