টলিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রে রণজয় বিষ্ণু। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার খবরের মাঝেই এবার সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। দুজনের সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন রয়েছে। যদিও রণজয় প্রকাশ্যে একাধিকবার সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি অভিকার জন্মদিন উপলক্ষে একটি রাতের পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিরই বেশ কিছু মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রণজয়ের কোলে বসে নাচছেন অভিকা। পার্টির উচ্ছ্বাসের মধ্যে দুজনের এমন ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের একাংশ নানা প্রশ্ন তুলেছেন। কেউ দুজনের রসায়ন নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ রণজয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন। বিশেষ করে শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের খবরের মধ্যেই অভিকার সঙ্গে এমন ঘনিষ্ঠতা সামনে আসায় বিতর্ক আরও বেড়েছে।
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছিল। চলতি বছর ভালোবাসা দিবসে তাঁদের সম্পর্ক পরিণতি পায় এবং তাঁরা বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের পথ আলাদা হয়েছে বলে খবর। শ্যামৌপ্তিও বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছেন, এই বিষয় নিয়ে কথা বলা তাঁর ‘ডিগনিটির বাইরে’।
আরও পড়ুনঃ ‘চলতি বছরেই বিয়ের পরিকল্পনা’, বিগ বসের ঘরে চার হাত এক হওয়ার ইঙ্গিত সোনামণির, পাত্র কি তবে প্রতীক?
এদিকে রণজয় ও অভিকার সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, তা নিয়ে এখনও দুজনের কেউই প্রকাশ্যে কোনও স্পষ্ট মন্তব্য করেননি। ফলে ভাইরাল ভিডিওটি নিছক পার্টির মুহূর্ত, নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে, তা নিয়েই এখন টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। একইসঙ্গে এই গোটা ঘটনা প্রচারের কৌশল কি না, সেই প্রশ্নও উঠছে।
