“ছবির কাজ করার সময় ভাবিনি কান কিংবা ইফি ২০২৬-এ পৌঁছবে!” ‘ইকোয়েজ অফ ভ্যালর’ নিয়ে উচ্ছ্বসিত রোহন ভট্টাচার্য

পরিচালক ইন্দিরা ধরের প্রথম হিন্দি ছবিতে ২৩ বছর বয়সে শহিদ বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রোহন, বাবা-মায়ের ভূমিকায় দিব্যা দত্ত ও নীরজ কবি। বাংলা বিনোদন জগতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন রোহন ভট্টাচার্য। এবার তাঁর কেরিয়ারে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। পরিচালক ইন্দিরা ধরের প্রথম হিন্দি ছবি ‘ইকোয়েজ অফ ভ্যালর’-এর হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। শুধু তাই নয়, এই ছবির সুবাদেই প্রথমবার ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিতে চলেছেন অভিনেতা। ইতিমধ্যেই ছবিটি প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। আগামী বছর ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে। স্বাভাবিকভাবেই কেরিয়ারের এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোহন।

‘ইকোয়েজ অফ ভ্যালর’ তৈরি হয়েছে বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর মা শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং দাদু রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে। মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য শহিদ হয়েছিলেন অনির্বাণ। জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির কৃতী ছাত্র হওয়ার পাশাপাশি তিনি ছিলেন দক্ষ পোলো খেলোয়াড় এবং ক্রীড়াবিদ। তাঁর জীবনের নানা অধ্যায়, স্বপ্ন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরের যাত্রাপথ এবং কর্মজীবনের প্রতিবন্ধকতা অতিক্রম করার লড়াই উঠে আসবে ছবিতে। একইসঙ্গে অনির্বাণের পরিবারের আবেগ, ত্যাগ এবং তাঁর প্রতি ভালোবাসার দিকটিও তুলে ধরা হয়েছে। ছবিতে অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন রোহন। তাঁর বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে নীরজ কবি ও দিব্যা দত্তকে।

দুই অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগকে নিজের কাছে বড় প্রাপ্তি বলেই মনে করছেন রোহন। তাঁর কথায়, “দিব্যা দত্ত এবং নীরজ কবির মতো অভিনেতা আমার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন, এটা আমার কাছে সত্যিই অনেক বড় প্রাপ্তি। নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে অনির্বাণের মতো একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। ছোটবেলা থেকেই ওঁদের ছবি দেখে বড় হয়েছি, ওঁদের অভিনয় আমার খুব পছন্দের। বিশেষ করে নীরজ কবি নিজে একজন অভিনয় শিক্ষক। তাঁর কাছে বহু বড় অভিনেতা অভিনয় শিখতে আসেন। উনি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, চরিত্রটির জন্য আমি নিজেকে কীভাবে তৈরি করেছি। পুরো কাজের সময় কখনও মনে হয়নি যে আমি বাংলা থেকে এসে বলিউডের একটি ছবিতে কাজ করছি। প্রত্যেক মুহূর্তে একটা আন্তরিক সহযোগিতার পরিবেশ পেয়েছি।”

ছবির শুটিং হয়েছে কাশ্মীরের পহেলগাম এবং মুম্বইয়ে। পহেলগামে প্রায় এক মাস ধরে শুটিংয়ের অভিজ্ঞতা রোহনের কাছে বিশেষ স্মরণীয় হয়ে রয়েছে। পরিচালক ইন্দিরা ধরের কাজের প্রশংসা করে অভিনেতা বলেন, “ইন্দিরা দি অসাধারণ একজন পরিচালক। উনি যেভাবে পুরো ছবিটা সম্পূর্ণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। কাশ্মীরের পহেলগামে আমরা প্রায় এক মাস ধরে শুটিং করেছি, মুম্বইয়েও শুটিং হয়েছে। সব মিলিয়ে অভিজ্ঞতাটা অসাধারণ। ছবির কাজ করার সময় একবারও ভাবিনি যে এই ছবি কান চলচ্চিত্র উৎসবে যাবে কিংবা ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর মতো মঞ্চে পৌঁছবে। তাই আজকের এই মুহূর্তটা আমার কাছে আরও বেশি বিশেষ।” উল্লেখ্য, ইন্দিরা ধরের বাংলা ছবি ‘পুতুল’ অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছিল। তাঁর প্রথম হিন্দি ছবি ঘিরেও তাই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।

প্রথম হিন্দি ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পৌঁছনোর সুযোগকে নিজের কাছে গর্বের বলে মনে করছেন রোহন। তিনি বলেন, “আমি ভীষণ উত্তেজিত। কারণ এই ছবির মাধ্যমে আমি বাংলাকে প্রতিনিধিত্ব করছি। আমি একজন বাঙালি অভিনেতা, আর নিজের প্রথম হিন্দি ছবি নিয়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে যাচ্ছি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আশা করি দর্শক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন, তাঁর লড়াই এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগের গল্পের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন।” একদিকে বলিউডে অভিষেক, অন্যদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রথমবার পা রাখা, সব মিলিয়ে ‘ইকোয়েজ অফ ভ্যালর’ রোহনের কেরিয়ারে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page