বিয়ের এক বছরের মাথায় অবশেষে হানিমুনে বেরিয়ে পড়লেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল ছিল, কবে একান্তে সময় কাটাতে যাবেন এই তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্টে তোলা একটি সেলফি ও বোর্ডিং পাসের ঝলক শেয়ার করে নিজেদের হানিমুন যাত্রার খবর দিয়েছিলেন তাঁরা। যদিও তখন গন্তব্য গোপনই রেখেছিলেন। তবে বৃহস্পতিবার রুবেলের নতুন পোস্টে স্পষ্ট হয়েছে তাঁদের সফরের ঠিকানা। বরফে ঢাকা পাহাড় আর মনভোলানো প্রাকৃতিক দৃশ্য দেখে বোঝা যাচ্ছে হিমাচল প্রদেশেই জমে উঠেছে তাঁদের হানিমুনের রোম্যান্স।
কলকাতা থেকে বিমানে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছন এই তারকা দম্পতি। সেখান থেকে গাড়িতে করে পৌঁছন পাহাড়ি হোটেলে। হোটেলের জানালা খুললেই সামনে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের সারি, সেই মনোরম দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রুবেল। ছবি দেখে অনেকেই মনে করছেন তাঁদের প্রথম গন্তব্য সম্ভবত সিমলা। বরফের চাদরে মোড়া পাহাড় আর ঠান্ডা আবহাওয়ার মধ্যেই একান্তে সময় কাটাচ্ছেন দুজন। বহুদিনের ব্যস্ততার পর এমন নিরিবিলি ছুটি যে তাঁদের কাছে বিশেষ হয়ে উঠেছে, তা ছবিগুলোর হাসি দেখলেই বোঝা যায়।
বিয়ের কিছুদিন পরেই অবশ্য পরিবার নিয়ে ছোট্ট সফরে পুরী গিয়েছিলেন রুবেল ও শ্বেতা। সেখানে জগন্নাথদেবের দর্শনও করেছিলেন তাঁরা। তবে সেটি ছিল পারিবারিক ভ্রমণ। বিয়ের পর শুধুমাত্র দুজনে মিলে এভাবে ঘুরতে যাওয়া এই প্রথম। তাই এই সফর নিয়ে উচ্ছ্বাসও অনেক বেশি। দীর্ঘদিনের ব্যস্ততার পর নিজেদের জন্য সময় বের করতে পেরে খুশি দুজনেই। পাহাড়ি প্রকৃতি আর বরফের আবহে তাঁদের হানিমুন যেন আরও স্মরণীয় হয়ে উঠেছে।
কাজের চাপই এতদিন তাঁদের ছুটি নিতে দেয়নি। মাসখানেক আগেই শেষ হয়েছে শ্বেতা ভট্টাচার্যের ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এর শ্যুটিং, যেখানে তিনি রণজয় ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন। আপাতত নতুন কোনও মেগার ঘোষণা করেননি তিনি। অন্যদিকে বিয়ের সময় রুবেল অভিনয় করছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকে। সেটি শেষ হতেই শুরু হয়েছিল তুই আমার হিরো। সম্প্রতি সেই ধারাবাহিকের কাজও শেষ হয়েছে। ফলে দুজনের কাছেই এখন কিছুটা অবসর সময় রয়েছে।
আরও পড়ুনঃ মার্চের প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় ঝড়! দুর্দান্ত কামব্যাক করে শীর্ষস্থান ছিনিয়ে নিল ‘পরিণীতা’! ‘জোয়ার ভাঁটা’র টক্করে চাপে স্টার জলসার ‘পরশুরাম’! হঠাৎই কেন ধস নামল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র রেটিংয়ে?
প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রুবেল ও শ্বেতা। যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করতে করতেই তাঁদের বন্ধুত্ব গড়িয়ে যায় প্রেমে। সম্পর্কের কথা কখনওই আড়াল করেননি তাঁরা। বরং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিতেন। সেই কারণেই অনেক সময় ট্রোলের মুখেও পড়তে হয়েছে। তবে সমালোচনায় থেমে যায়নি তাঁদের সম্পর্ক। বরং সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে ভালোবাসার বন্ধন, আর সেই ভালোবাসাকেই এবার উদযাপন করছেন বরফঢাকা পাহাড়ের কোলে।
