টাকার অঙ্ক নয়, অন্য কারণ! কেন ‘দাদাগিরি’ ছাড়েন সৌরভ? মুখ খুলে জানালেন আসল কথা! জানলে চমকে যাবেন

ক্রিকেটের মাঠে একের পর এক নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। আর এবার টেলিভিশনের পর্দাতেও সেই একই মানসিকতার পরিচয় দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জনপ্রিয় ক্যুইজ শো ‘দাদাগিরি’র সঞ্চালকের আসনে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই পরিচিত মঞ্চ ছেড়ে অন্য চ্যানেলে নতুন ইনিংস শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মহারাজ। সম্প্রতি এক পডকাস্টে এসে এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানালেন তিনি।

সৌরভের ‘দাদাগিরি’ ছাড়ার পর থেকেই নানা জল্পনা ছড়িয়েছিল। শোনা যাচ্ছিল, পারিশ্রমিক নিয়ে মতপার্থক্যের কারণেই নাকি জি বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। অন্যদিকে, স্টার জলসার সঙ্গে তাঁর বিপুল অঙ্কের চুক্তির কথাও সামনে এসেছিল। তবে সৌরভের বক্তব্যে উঠে এল অন্য ব্যাখ্যা। তাঁর কথায়, দীর্ঘ দশ বছর ধরে একই অনুষ্ঠানের সঞ্চালনা করার পর নতুন কিছু করার ইচ্ছাই তাঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

নিজের সিদ্ধান্ত বোঝাতে ক্রিকেটের উদাহরণও টেনেছেন সৌরভ। তাঁর কথায়, “অনেক দিন করেছি। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।” অর্থাৎ, পরিচিত জায়গায় দীর্ঘদিন সফল থাকার পর এবার অন্য ভূমিকায় নিজেকে পরীক্ষা করে দেখতে চান তিনি। তাঁর কাছে নতুন অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া আসলে নতুন চ্যালেঞ্জ গ্রহণেরই নামান্তর।

স্টার জলসার সঙ্গে সৌরভের চার বছরের চুক্তি হয়েছে বলে খবর, যার অঙ্ক প্রায় ১২৫ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘বিগ বস বাংলা’র পাশাপাশি আরও একটি ক্যুইজ়ধর্মী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাওয়ার কথা তাঁর। তবে অর্থের অঙ্ক নিয়ে জল্পনার মাঝেও সৌরভ স্পষ্ট করেছেন, তাঁর পরিচয় কোনও নির্দিষ্ট অনুষ্ঠানের নামের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘দাদা’ পরিচয়টি বাঙালির কাছে আলাদা আবেগের, আর সেটি বজায় থাকবে বলেই তাঁর বিশ্বাস।

এদিকে, ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক দেবের প্রশংসাও করেছেন সৌরভ। তাঁর কথায়, দেবকে এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়ার সময় তিনি পরামর্শ দিয়েছিলেন, যেন নিজের মতো করেই অনুষ্ঠানটি পরিচালনা করেন, সৌরভ হওয়ার চেষ্টা না করেন। দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’ দেখছেন তিনি, ভালোও লাগছে তাঁর। পুরনো মঞ্চে নতুন মুখের আগমন আর নিজের জীবনে নতুন অধ্যায়, সব মিলিয়ে সৌরভের এই সিদ্ধান্ত যেন ক্রিকেটের ভাষায় আরও এক নতুন ইনিংস।

Piya Chanda

                 

You cannot copy content of this page