বিগ বস বাংলার ঘরে একের পর এক ঘটনায় তৈরি হচ্ছে বিতর্ক। প্রতিযোগীদের ঝামেলা, অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝেই এবার সেই উত্তাপ পৌঁছে গেল ঘরের বাইরেও। রাজবীর দে-কে নিয়ে আগেও নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ফের সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি সরব হলেন। তবে শুধু রাজবীরের আচরণ নয়, গোটা পরিস্থিতিতে কীভাবে একজন প্রতিযোগীকে বারবার কোণঠাসা করা হচ্ছে, সেই বিষয়টিও তুলে ধরেছেন অভিনেত্রী। বিশেষ করে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিগ বসের ঘরে রাজবীরকে নিয়ে প্রথম থেকেই নানা অভিযোগ উঠেছে। তাঁর ব্যবহার, কথাবার্তা এবং খাবার খাওয়ার ধরন নিয়ে একাধিকবার অন্য প্রতিযোগীদের আপত্তি করতে দেখা গিয়েছে। এর মধ্যেই সোনামণি সাহা রাজবীরের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ঘরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজবীর অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা নিজের বক্তব্য জানান। পরে এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও সোনামণিকে সংবেদনশীল শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। এবার সেই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন শ্রীলেখা।
শ্রীলেখার বক্তব্য, একজন মহিলা বলেই তাঁর প্রতিটি আচরণ স্বয়ংক্রিয়ভাবে সঠিক হয়ে যায় না। সমান অধিকারের অর্থ যেমন মহিলাদের অধিকারকে সম্মান করা, তেমনই পুরুষের মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া। রাজবীরকে নিয়ে তিনি বলেন, প্রথম থেকেই ঘরের একটি গোষ্ঠী তাঁকে নানা ভাবে অপমান করে চলেছে। বারবার তাঁর খাওয়া নিয়ে কথা বলা, ছোট করা এবং নানা নামে ডাকার বিষয়টিও অভিনেত্রীর নজরে এসেছে। তাঁর মতে, এভাবে একজন মানুষকে ক্রমাগত কোণঠাসা করে রাখার বিষয়টি নিয়েও ভাবা প্রয়োজন।
এর পাশাপাশি ক্যাপ্টেন্সি টাস্কের একটি ঘটনাও তুলে ধরেছেন শ্রীলেখা। তাঁর বক্তব্য অনুযায়ী, টাস্ক চলাকালীন রাজবীরের প্যান্টের পায়ের ভিতরে থাকা বিস্কিট ধরার ঘটনাকে টেলিভিশনে ‘ব্যাড টাচ’ হিসেবে দেখানো তাঁকে বিশেষ ভাবে বিরক্ত করেছে। আবার অন্য একটি টাস্কে রং লাগানোর লাঠি দিয়ে সোনামণিকে রাজবীরের গায়ে আঘাত করতেও দেখা যায়। শ্রীলেখার মতে, আঘাতটি জোরে না আস্তে দেওয়া হয়েছে, সেটিই একমাত্র প্রশ্ন নয়, বরং লাঠি দিয়ে আঘাত করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠতে পারে।
আরও পড়ুনঃ “এতবার গু’লি খেয়েও পারুল মরেনি, এবার দুটো গু’লি খেয়েই মরে গেল!” “পারুলের মৃ’ত্যুতে আমি সত্যিকারে কেঁদেছি, পার্বতী আমার কাছে পারুল নয়!” পুরনো জুটি ভাঙতেই মন ভেঙেছে নায়ক-নায়িকার! উৎসাহ হারাচ্ছেন দর্শক, আগামীতে কী হতে চলেছে ‘পরিণীতায়’?
রাজবীরকে যে সবসময় তাঁর ভালো লেগেছে, এমনটাও নয় বলে আগের বক্তব্যে জানিয়েছিলেন শ্রীলেখা। তাঁর কিছু আচরণ তিনি সমর্থন করেননি বলেও স্পষ্ট করেছিলেন। কিন্তু একই সঙ্গে অভিনেত্রীর দাবি, একজনকে শুরু থেকেই একটি নির্দিষ্ট ধারণার মধ্যে আটকে রেখে বিচার করা ঠিক নয়। এবারও সেই জায়গা থেকেই রাজবীরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার মাঝেই শ্রীলেখার এই বক্তব্য নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
