সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। তাঁর প্রথম সন্তান কৃষভির বয়স এখনও মাত্র ২০ মাস। পরপর দুই সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে প্রসবের পর মানসিকভাবে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। এবার নিজের সেই অভিজ্ঞতার কথাই সমাজমাধ্যমে একটি ভিডিয়োর মাধ্যমে ভাগ করে নিলেন তিনি। নতুন মায়েদের শুধু সন্তানের নয়, তাঁদের শরীর ও মনের দিকেও পরিবারের সদস্যদের নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রীময়ী।
শ্রীময়ী জানান, সন্তান জন্মের পর তাঁরও পোস্টপার্টাম ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দিয়েছিল। বিশেষ করে মেয়ের জন্মের পর তাঁর মুড সুইং বেশি হত এবং প্রায়ই কান্না পেত। সাধারণত খুব বেশি আবেগপ্রবণ না হলেও সেই সময়ে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা সহজ ছিল, কারণ বড় মেয়ে তাঁকে ব্যস্ত রাখত। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে হরমোনের পরিবর্তনের কারণেও নতুন মায়েদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।
এই সময় স্বামী কাঞ্চন মল্লিকের কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন শ্রীময়ী। তাঁর কথায়, কাঞ্চন কখনও কোনও সিদ্ধান্ত তাঁর উপর চাপিয়ে দেননি। দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রেও আগে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। সন্তান জন্মের পর যখন মন খারাপ করত, তখন তাঁকে বাড়ির বাইরে নিয়ে যেতেন কাঞ্চন। দুজনে মিলে কফি খেতে যাওয়া কিংবা প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাইরে বেরোনোর মতো ছোট ছোট বিষয়ও তাঁর মন ভালো রাখতে সাহায্য করেছে বলে জানান অভিনেত্রী।
শ্রীময়ী আরও জানান, সন্তান জন্মের পর নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে রাখেননি। ঈশ্বরে বিশ্বাস থাকলেও কুসংস্কারে বিশ্বাস করেন না তিনি। তবে বাইরে বেরোনোর সময় এবং বাড়ি ফেরার পর সংক্রমণ এড়াতে যথেষ্ট সতর্ক থাকছেন। বাইরে থেকে এসে স্যানিটাইজ করা, স্নান করা এবং শিশুর ঘরে বাইরের কাউকে ঢুকতে না দেওয়ার মতো নিয়ম মেনে চলছেন তিনি। বড় মেয়ে ঘরে ঢুকলেও তার হাত স্যানিটাইজ করিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীময়ী।
আরও পড়ুনঃ অবশেষে রণজয়ের মেসেজের উত্তর পেল ঝিনুক, সম্রাটের চোখে পড়তেই বাড়ল সন্দেহ! ‘কমলা নিবাস’-এ এবার মুখোমুখি রণজয়-সম্রাট? অতীত ও বর্তমানের যু’দ্ধে কী হবে ঝিনুকের ভবিষ্যৎ?
নতুন মায়েদের উদ্দেশে শ্রীময়ীর বিশেষ অনুরোধ, সন্তান জন্মের পর তাঁদের শরীর ও মনের দিকে আরও বেশি নজর দিন পরিবারের সদস্যরা। শাশুড়িদের যেমন বউমাদের পাশে থাকার কথা বলেছেন, তেমনই মায়েদেরও মেয়েদের প্রতি যত্নশীল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর মতে, দ্বিতীয়বার মা হয়েও অনেক সময় শিশুর প্রয়োজন বুঝতে অসুবিধা হচ্ছে। নিজের ভিডিয়োর ক্যাপশনেও শ্রীময়ী জানিয়েছেন, নতুন মায়ের মুখে ক্লান্তি থাকা স্বাভাবিক, তবে পোস্টপার্টাম ডিপ্রেশনের সময়ে তিনি নিজেকে কীভাবে সামলাচ্ছেন, সেই অভিজ্ঞতাই অন্য মায়েদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন।
